প্যারিস
অলিম্পিকে সাঁতারের পুল থেকে সুইডেনকে আরেকটি স্বর্ণ এনে দিলেন সারাহ সোয়েস্ট্রম। রোববার
রাতে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন এ সাঁতারু। এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলেও
স্বর্ণ জয় করেন তিনি। অলিম্পিকে মোট দুটি স্বর্ণ পদক তার এবং দুটিই জিতলেন ৩০ বছর বয়সে
এসে!
নিজের
পঞ্চম গ্রীষ্মকালীন অলিম্পিক আসরে খেলছেন সারাহ। তিনি তো খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন।
যদিও কোচের পরামর্শে তিনি খেলাটা চালিয়ে যান। কোচ যে ভুল কিছু বলেননি সেটি প্রমাণ করলেন
এই সাঁতারু। ২৩.৭১ সেকেন্ড সময় নিয়ে তিনি ফিনিশিং ওয়াল স্পর্শ করেছেন। অল্পের জন্য
নিজের গড়া বিশ্বরেকর্ডটা ভাঙতে পারেননি। ২০২৩ সালে জাপানের ফুকোওকায় বিশ্বচ্যাম্পিয়নশিপে
২৩.৬১ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এই সুইডিশ সাঁতারু।
অস্ট্রেলিয়ার
মেগ হ্যারিস ২৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও চীনের ঝ্যাং ইউফেই ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে
ব্রোঞ্জ জিতেছেন।
এদিন
মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। এ ইভেন্টে অস্ট্রেলিয়া
রৌপ্য ও চীন ব্রোঞ্জ জিতেছে। ছেলেদের ১০০ মিটার মেডলি রিলেতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ
আধিপত্যের অবসান ঘটিয়ে স্বর্ণ জিতেছে চীন। ১৯৬০ সালের গেমসে এই ইভেন্টটি অন্তর্ভুক্ত
হওয়ার পর এই প্রথম স্বর্ণ হাতছাড়া হলো যুক্তরাষ্ট্রের। ১৯৮০ সালের মস্কো গেমস বয়কট
করায় সেবারও জেতা হয়নি তাদের।
ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের
ববি ফিঙ্কে। তিনি সময় নেন ১৪ মিনিট ৩০.৬৭ সেকেন্ড।










