বিশ্বকাপ শুরুর
আগেই পাকিস্তানের জন্য বড় এখন দুঃসংবাদ। কাঁধের চোটে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলা
হবে না তারকা পেস বোলার নাসিম শাহর। শুক্রবার এমন খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট
বোর্ড।
১১ সেপ্টেম্বর
কলম্বোয় এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধের চোটে পড়েন নাসিম। এই চোটে তার
কাঁধে অস্ত্রোপচারেরও প্রয়োজন হচ্ছে, যা তাকে তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে
ছিটকে দেবে। তাই আজ তাকে ছাড়াই ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।
১৪টি ওয়ানডে
ম্যাচ খেলে ৩২ উইকেট শিকার করেছেন ২০ বছর বয়সী নাসিম শাহ। বিশ্বকাপ স্কোয়াডে তার
জায়গায় ডাক পেয়েছেন ডানহাতি ফাস্ট বোলার হাসান আলী, যিনি ৬০ ম্যাচে ৯১ উইকেট
নিয়েছেন।
এশিয়া কাপে চোটে
পড়েছিলেন পাকিস্তানের আরেক পেসার হারিস রউফও। যদিও সাইড স্ট্রেইনের সেই চোট থেকে
তিনি সেরে উঠেছেন।
পাকিস্তান
ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেন, ‘নাসিম শাহর দুর্ভাগ্যজনক ইনজুরির
কারণে আমরা দলে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছি। আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল যে
নতুন বলে বল করতে পারে। হাসান নতুন ও পুরনো বলে বল করতে সমর্থ। আর সে টিমম্যানও।
তার উপস্থিতি দলে প্রাণশক্তি নিয়ে আসবে।’
তিনি আরো বলেন,
‘গত কয়েক বছর ধরে এই দলটা দুর্দান্ত পারফর্ম করেছে, তাই আমরা তাদের ওপর আস্থা রাখতে
পারছি। এশিয়া কাপে কিছু চোট আঘাত হানে বটে, তবে স্কোয়াডের সবাই এখন ফিট আছে এবং
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে খেলতে প্রস্তুত। হারিস রউফকে নিয়ে আমি আমাদের
মেডিকেল টিমের কাছ থেকে ভালো খবরই জেনেছি। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সে এরই
মধ্যে শ্যাডো বোলিং শুরু করেছে। তাকে দলে নিতে কোনো সমস্যা নেই।’
৫ অক্টোবর শুরু
হবে বিশ্বকাপ। পরদিন হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু
করবে বাবর আজমের দল।
১৯৯২ সালে বিশ্বকাপ
জয় করে পাকিস্তান। এরপর ১৯৯৯ সালে ফাইনাল খেলে দলটি।
পাকিস্তানের
বিশ্বকাপ স্কোয়াড:
বাবর আজম
(অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, মোহাম্মাদ রিজওয়ান,
সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, মোহাম্মাদ নওয়াজ, উসামা মির, হারিস রউফ,
হাসান আলী. শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মাদ ওয়াসিম। রিজার্ভ: মোহাম্মাদ হারিস,আবরার
আহমেদ ও জামান খান।










