বাঁচা মরার লড়াইয়ে নিউজিল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে আফগানরা। ৭৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন নাজিবুল্লাহ জাদরান।
ব্যাট করতে নেমে ১৯ রানেই তিন টপ অর্ডারের উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই অ্যাডাম মিলনে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন। দারুণ এক বাউন্সে মোহাম্মদ শাহজাদকে বোকা বানিয়ে উইকেটটি তুলে নেন এই পেসার। বাউন্সি বল হিট করলে উইকেটকিপার ডেভন কনওয়ে লাফিয়ে তিনবারের চেষ্টায় বলটি তালুবন্দী করেন। ২ রান করেন শাহজাদ। হজরতউল্লাহ জাজাই ৪, রহমানুল্লাহ গুরবাজ ৬, গুলবাদিন নায়েবের ব্যাট থেকে আসে ১৫ রান।
৫৬ রানে প্রথম সারির চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান। ষষ্ঠ উইকেটে নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীর ৫৯ রানের জুটি সে চাপ সামলে নেন। ৩৩ বলে টি২০ তে দ্বিতীয় ফিফটি তুলের নেন নাজিবুল্লাহ। ১১৫ রানের মাথায় নবীর উইকেট হারায় আফগানিস্তান। ২০ বলে ১৪ রান করেন আফগান অধিনায়ক। তার পিছু ধরে ফেরেন জাদরানও। বোল্টের শিকার হওয়ার আগে খেলেছেন ৪৮ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস। ৬টি চার ও ৩টি ছক্কার মার ছিল ইনিংসটিতে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৪ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৩টি ও টিম সাউদি ২টি উইকেট নেন।
এ ম্যাচের ওপর ঝুলে আছে টি২০ বিশ্বকাপের গ্রুপ-২ এর দ্বিতীয়
সেমিফাইনালিস্টের ভাগ্য। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারত তিন দলই টিকে আছে এ
দৌড়ে। নিউজিল্যান্ডের জন্য সরল সমীকরণ জিতলেই সেমিতে নাম লিখাবে তারা। আর হারলেই
বিদায়। অপরদিকে আফগানিস্তান হারলেতো বিদায় নেবেই, আবার জিতলেও বড় ব্যবধানে জিততে
হবে। না হলে ভারতের সেমির সম্ভাবনা জাগবে বেশি। কারণ তারা এমনিতেই নেট রান রেটে
অনেক এগিয়ে আছে। তার ওপর আগামীকাল নামিবিয়ার বিপক্ষে জিতলে তাদের নেট রান রেট আরো
বেড়ে যাবে।










