ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনেকদিন যাবত হয় না। ক্রিকেটভক্তরা তাকিয়ে থাকেন বড় কোনো টুর্নামেন্টের দিকে, যেখানে দুই প্রিয় দলের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করা যায়। ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এর প্রমাণ মিলল আরো একবার।
চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। সুপার টুয়েলভে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি। কিন্তু পাঁচ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট!
গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দেখা হয়েছিল দু’দলের। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই ম্যাচের টিকিটও ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে মেলবোর্নে। কিন্তু টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ ঘণ্টার মধ্যেই আইসিসি টুইট করে জানায়, ম্যাচটির সব টিকিট শেষ হয়ে গিয়েছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৬ অক্টোবর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হবে ২৩ অক্টোবর।










