সম্প্রতি পাকিস্তানের মাঠে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম রূপকার মেহেদী হাসান মিরাজ। এই স্পিনিং অলরাউন্ডার বল হাতে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ১৫৫ রান। তিনি হন সিরিজের সেরা খেলোয়াড়। পাকিস্তান সফরে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করে এবার ভারতের মাঠেও ভালো করতে চান মিরাজ। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর তিনি সংবাদমাধ্যমকে এমন প্রত্যয়ের কথাই শোনান।

 

পাকিস্তানকে তাদেরই মাটিতে হারানোয় বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার চাপ বেড়েছে। মিরাজ এ নিয়ে বলেন, ‘আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি, আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব।’

 

ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারতকে তাদেরই মাঠে হারানোর চ্যালেঞ্জ নিয়ে মিরাজ বলেছেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। যখন আমরা ওদের সঙ্গে ফাইট করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট করতে পারি।’

 

তিনি আরো বলেন, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার—সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’

 

ভারতের বিপক্ষে পাকিস্তান সিরিজকেই প্রেরণা হিসেবে দেখছেন মিরাজ। তার কথায়, ‘আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’

 

দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সপ্তাহে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।