নিউজিল্যান্ডের ওয়েলিংটনে আজ বৃহস্পতিবার
নারী বিশ্বকাপে অঘটনের জন্ম দিতে যাচ্ছিল নেদারল্যান্ডস। বর্তমান চ্যাম্পিয়ন
যুক্তরাষ্ট্রকে হারানোর পথেই ছিল ডাচ নারীরা। যদিও যুক্তরাষ্ট্রকে রক্ষা করেন
অধিনায়ক লিন্ডসে হোরান। তার গোলে অঘটন এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টানা
দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো জিল
রুর্ড ১৭ মিনিটে গোল করে ডাচদের এগিয়ে দেন। এই গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠা
ডাচদের সামলাতে হিমশিম খেতে হয় রেকর্ড চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আমরিকানদের। তিনটি
বিশ্বকাপ জুড়ে টানা ১৩ ম্যাচ জেতা যুক্তরাষ্ট্র আজ যেন ধুকঁছিল। অবশেষে অধিনায়ক
হোরান ত্রাতা হিসেবে রক্ষা করেন দলকে। ৬২ মিনিটে কর্নারে সৃষ্ট জটলার মধ্য থেকে
হেডে গোল করে সমতা আনেন তিনি।
এটি যেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালেরই
পুনরাবৃত্তি। সেবার ফ্রান্সের লিওঁতে ২-০ গোলের জয় তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র।
কিন্তু এবার লড়াই থাকল অমীমাংসিত। আজ যুক্তরাষ্ট্রের সুযোগ ছিল জেতার। যদিও তা
হয়নি। সাভান্নাহ ডি মেলোর শট গোলবার ঘেঁষে চলে যায়। এছাড়া ট্রিনিটি রডম্যানের শট
আঙুলের আলতো টোকায় সেভ করেন ডাচ গোলকিপার ডাফনে ফন ডমসিলার। আবার হোরান সমতা আনার
কিছুক্ষণ আগে জুলি আর্টজের হেডে বল কিছুটা দিক পাল্টে গোলের বাইরে দিয়ে চলে যায়।
সব মিলে, হতাশাজনক একটি দিন কাটে চ্যাম্পিয়নদের।
ড্রয়ের পরও দুই ম্যাচ থেকে চার পয়েন্ট
সংগ্রহ করে ‘ই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। ডাচদেরও সমান চার
পয়েন্ট, যদিও তারা গোল ব্যবধানে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে। পর্তুগাল তিন
পয়েন্ট নিয়ে তিনে ও ভিয়েতনাম শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। আজ ভিয়েতনামকে
হারায় পর্তুগিজরা।
ম্যাচ শেষে নেদারল্যান্ডস কোচ আন্দ্রিয়েস
জঙ্কার বলেন, ‘আমরা দুর্দান্ত পারফর্ম করেছি, জয়ের সম্ভাবনাও ছিল। তবে ১-১ গোলের
সমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এসব ম্যাচে প্রথম সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যুদ্ধ
চলে। এটাই শুধু বলব, নারী ফুটবল অনেক উন্নতি করেছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে
যেভাবে লড়াই করলাম তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট।’
যুক্তরাষ্ট্র পরের ম্যাচ খেলবে পর্তুগালের বিপক্ষে।
মঙ্গলবার এডেন পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই তিন ডুনেডিনে ভিয়েতনামের মুখোমুখি
হবে নেদারল্যান্ডস।










