আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশ মাঠে নামবে পরদিন ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে আজ সোমবার একমাত্র ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তান শাহিনসের (পাকিস্তান-এ দল) মুখোমুখি হয়েছে টাইগাররা। আগে ব্যাটিং করতে নেমে ৩০ ওভারশেষে ৭ উইকেটে ১৪০ রান তুলেছে লাল-সবুজ জার্সিধারীরা।

তানজিদ হাসান তামিম ৬ রান করে আলী রেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন, আর ১২ রান করে মুবাশ্বির খানের বলে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার রানআউট হয়েছেন ব্যক্তিগত ৩৫ রানে। এরপর মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় জুটি বাধলেও বেশিদূর যেতে পারেননি। মিরাজ ৪৪ ও তাওহীদ ১৯ রান করে আউট হয়েছেন। মুশফিকুর রহিম (৭) ও জাকের আলী (০) দ্রুতই ফেরেন সাজঘরে। পাকিস্তানের লেগস্পিনার ওসামা মির নেন ৪ উইকেট। রিশাদ হোসেন ৩ ও তানজিম হাসান সাকিব ২ রানে ব্যাট করছিলেন।

প্রথম ১০ ওভারে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ৬০ রান। পরের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে টাইগাররা ৪৪ রান তুলতে সমর্থ হয়। পরের ১০ ওভারে আরো বিপর্যস্ত শান্তর দল। ৪ উইকেট হারিয়ে তারা মাত্র ৩৬ রান বোর্ডে যোগ করতে পেরেছে।

এই ম্যাচে স্কোয়াডে প্রত্যেকেই বোলিং কিংবা ব্যাটিং করতে পারবেন।