উয়েফা চ্যাম্পিয়নস লিগে সদ্যই ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দেয়া রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয় খেলবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এছাড়া ইংলিশ পরাশক্তি লিভারপুলের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আজ শুক্রবার ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।

শুধু মাদ্রিদ ডার্বিই নয়, অল-জার্মান লড়াই হবে বায়ার্ন মিউনিখ ও বেয়ার লেভারকুসেনের মধ্যে। এছাড়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের বেনফিফাকে, লন্ডনের দল আর্সেনাল খেলবে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের বিপক্ষে, জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ফ্রান্সের লিলের বিপক্ষে, ইতালির ইন্টার মিলানের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ফেইনুর্ড আর বেলজিয়ামের ক্লাব ব্রুজ খেলবে ইংল্যান্ডের অ্যাস্টন ভিলার সঙ্গে।

২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবারের মতো পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। ওই মৌসুমে ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান মুকুট জিতেছিল অল রেডরা। প্রিমিয়ার লিগ লিডার ও ফরাসি চ্যাম্পিয়নদের লড়াই জমে ওঠার দাবি রাখে। পিএসজি শেষ মুহূর্তের নাটকীয়তায় ১৫তম হয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে। আর্সেনালের কাছে হারের পর সিটিকে হারিয়ে তারা স্বদেশী ব্রেস্তের সঙ্গে প্লে-অফ খেলেছে। প্লে-অফে ব্রেস্তকে ১০-০ গোলে গুঁড়িয়ে শেষ ষোলোর টিকিট কাটে লুই এনরিকের দল।

পিএসজি-লিভারপুল লড়াইয়ের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে। তাদের সামনে পড়বে ক্লাব ব্রুজ ও অ্যাস্টন ভিলা ম্যাচের বিজয়ী। আইন্দহোফেনকে হারাতে পারলে আর্সেনাল সামনে পড়বে রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের।

শেষ ষোলোর দুই লেগ যথাক্রমে ৪-৫ মার্চ ও ১১-১২ মার্চ অনুষ্ঠিত হবে।

শেষ ষোলোর লাইনআপ

রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ

পিএসজি-লিভারপুল

ফেইনুর্ড-ইন্টার মিলান

বরুশিয়া ডর্টমুন্ড-লিল

ক্লাব ব্রুজ-অ্যাস্টন ভিলা

আইন্দহোফেন-আর্সেনাল

বায়ার্ন মিউনিখ-লেভারকুসেন

বেনফিকা-বার্সেলোনা