শ্রীলংকার দুর্দান্ত প্রত্যাবর্তন। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যাওয়ার পরও শেষ পর্যন্ত সিরিজজয়ী দলটির নাম শ্রীলংকা! টানা দুই ম্যাচ জিতে নিল চারিথ আসালঙ্কার দল। ডাম্বুলায় আজ তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা।
আগে ব্যাটিংয়ে নেমে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে প্রচণ্ড চাপের মুখে পড়ে ক্যারিবীয়রা। এরপর অধিনায়ক রভম্যান পাওয়েল (২৭ বলে ৩৭), গুডাকেশ মোতি (১৫ বলে ৩২) ও রোমারিও শেফার্ডের (১৩ বলে ১৮) ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৬২ রান তুলতে সমর্থ হয় অতিথিরা। মহীশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা দুটি করে উইকেট নেন।
এই রান দিয়ে আটকানো যায়নি শ্রীলংকাকে। স্বাগতিক ব্যাটাররা অনবদ্য প্রদর্শনীতে জেতান দলকে। ওপেনিং জুটিতে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৫.২ ওভারে ৬০ রান তুলে দিলে দল ছন্দ পেয়ে যায়। নিশাঙ্কা ২২ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর কুশল পেরেরাকে নিয়ে ১২ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে নোঙর করান কুশল মেন্ডিস। ৭৬ বলে ১০৬ রানের জুটিতে দুজন দাপুটে জয় এনে দেন শ্রীলংকাকে। মেন্ডিস ৫০ বলে ৬৮ ও পেরেরা ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।
এবার দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। রোববার পাল্লেকেলেতে শুরু হবে ওয়ানডে সিরিজ।










