সরেল এরইউর সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ছিল দক্ষিণ আফ্রিকার আধিপত্য। স্থানীয় সময় শুক্রবার প্রথমদিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ২৩৮ রান। রাসি ভ্যান ড্যার ডুসেন ১৩ ও টেম্বা বাভুমা ২২ রানে অপরাজিত আছেন।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন টিম সাউদি, ম্যাট হেনরি ও নেইল ওয়াগনার।
৩২ বছর বয়সী সরেল জোহানেস এরইউর অভিষেক হয় সিরিজের প্রথম টেস্টে। সে ম্যাচে তার পারফরম্যান্স ছিল ১০ ও ০! দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে প্রথম শ্রেণীর ক্রিকেটে রানের ফুলকি ছোটানো এরউইর অভিষেকটা একদমই ভালো হয়নি। তবে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দিয়েছেন সামর্থ্যের প্রমাণ। হেনরির শিকার হওয়ার আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক। ২২১ বল মোকাবেলায় ১৪টি বাউন্ডারিতে করেছেন ১০৮ রান।
এছাড়া ডিন এলগার ৪১ ও অ্যাইডেন মার্করামের ব্যাট থেকে আসে ৪২ রান। সিরিজের প্রথম টেস্টে জিতে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজে হার এড়াতে জয় ছাড়া কোনো উপায় নেই সফরকারীদের।










