পাঁচ ম্যাচের টি২০ সিরিজে
২-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী ভারত এরপর টানা দুই জয়ে সিরিটা করে ফেলে ২-২। তাতে
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজই চাপে পড়ে যায়। যদিও সিরিজের ট্রফি উঠল ক্যারিবীয়দের হাতেই।
ফ্লোরিডার লডারহিলে রোববার রাতে সিরিজের পঞ্চম ও শেষ টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে
৮ উইকেটে হেরেছে ভারত। ৩-২ ব্যবধোনে সিরিজ জিতে নিয়েছে ক্যারিবীয়রা।
আগে ব্যাটিং করে ৯ উইকেটে
১৬৫ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ক্যাবিবীয়রা ৮ উইকেট ও ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত
করে। ২০১৭ সালের পর এই প্রথম টি২০ সিরিজে ভারতকে হারাতে পারল ওয়েস্ট ইন্ডিজ।
এই প্রথম পাঁচ ম্যাচের
টি২০ সিরিজে যেকোনো দেশের কাছে হারল ভারত। এছাড়া আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের
মাঠে হবে আইসিস টি২০ বিশ্বকাপের পরবর্তী আসর। ছোট ফরম্যাটের বিশ্বকাপ সামনে রেখে ওই
দুটি দেশেই এবার পাঁচ ম্যাচের টি২০ সিরিজে হারল ভারত। দলটির কোচ রাহুল দ্রাবিড়ের কপালে
তাই চিন্তার রেখা ফুটে ওঠাই স্বাভাবিক। তিনি এখন হার এড়ানোর দাওয়াই খুঁজতে শুরু করেছেন।
বলেছেন, ভারতের ব্যাটিং লাইনআপে আরো গভীরতা প্রয়োজন।
লডারহিলে হারের পর ভারতের
সাবেক কৃতী ব্যাটার দ্রাবিড় বলেন, ‘এখানে আমাদের যে স্কোয়াড তাতে কম্বিনেশন বদলানোর
মতো অবস্থা ছিল না। কিন্তু সামনে আমাদের কিছু জায়গায় উন্নতি আনতে হবে। ব্যাটিংয়ে গভীরতার
বিষয়ে আমরা ভাবছি। এখানে উন্নতি আনার সুযোগ আছে। এটা সেই জায়গা যেখানে বোলিংকে দুর্বল
না করে ব্যাটিংয়ের গভীরতা বাড়ানোর চেষ্টা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আপনি
যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান দেখবেন, তাদের ১১ নম্বরে নামা আলজারি জোসেফও একটি খারাপ
বলকে মাঠের বাইরে পাঠাতে পারে। এই খেলাটিতে আজ স্কোর ক্রমেই বড় হচ্ছে। তো যাদের ব্যাটিংয়ে
গভীরতা থাকবে, তারাই এগিয়ে যাবে।’
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৬৫/৯
(সূর্যকুমার ৬১, তিলক ভার্মা ২৭; শেফার্ড ৪/৩১, আকিয়াল ২/২৪, হোল্ডার ২/৩৬)। ওয়েস্ট
ইন্ডিজ: ১৮ ওভারে ১৭১/২ (ব্র্যান্ডন কিং ৮৫*, নিকোলাস পুরান ৪৭, শাই হোপ ২২*; তিলক
১/১৭, অর্শদীপ ১/২০)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা: রোমারিও শেফার্ড
(ওয়েস্ট ইন্ডিজ)। সিরিজসেরা: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)। সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ
৩-২-এ জয়ী।










