সম্প্রতি ৩৮ বছরে পা দেয়া এক খেলোয়াড়ের পক্ষেও এটা সম্ভব? খেলোয়াড়টি লিওনেল মেসি বলেই সম্ভব। ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) জাদুকরী দুটি গোল করে নিজের যৌবনের ও সোনালি সময়ের কথা আরেকবার মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন গ্রেট।

গতকাল সকালে সিএফ মন্ট্রিয়লের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মেসি জাদুতে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে মায়ামি। ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়ল। এরপর আলেন্দের গোলে ৩৩ মিনিটে সমতায় ফেরে মায়ামি। এ গোলে অ্যাসিস্ট করেন মেসি। এর ৭ মিনিট পর মেসির জাদুকরী গোলে লিড নেয় মায়ামি (২-১)।

মন্ট্রিয়লের চার ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে দুর্দান্ত গোল করেন মেসি। তালেসকো সেগোভিয়া ম্যাচের ৬০ মিনিটে লক্ষ্যভেদ করেন (৩-১)। এর দুই মিনিট পর মন্ট্রিয়লের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি। শেষ গোলটি আরো দর্শনীয়। সুয়ারেজের কাছ থেকে বল পান মেসি, সে সময় তার সামনে ছিল তিন ডিফেন্ডার। তিনি দ্রুতই একজনকে পেছনে ফেলে গতি বাড়িয়ে বল নিয়ে বক্সের কাছাকাছি পৌঁছান।

তখন কাছাকাছি থাকা প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। বক্সে তাকে আটকাতে ছিলেন অন্তত পাঁচ ডিফেন্ডার। মেসি তখন বাম দিকে হালকা বাঁক নিয়ে একজনকে কাটিয়ে চলে যান ফাঁকা জায়গায়। এরপর নিখুঁত ফিনিশিংয়ে গোলরক্ষককে ফাঁকি দিতে কোনো সমস্যাই হয়নি তার। এ দুটি গোলে ১৮ বছর আগের স্মৃতি মনে করালেন মেসি।

২০০৭ সালে গেতাফের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালে মাঝমাঠ থেকে বল নিয়ে ছুটে গিয়ে একের পর এক ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে গোল আদায় করে নিয়েছিলেন মেসি, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা গোল বলে বিবেচিত। গতকাল বলের ওপর তেমনই জাদুকরী স্পর্শে মেসি দুটি গোল করলেন। জোড়া গোলে রেকর্ডও গড়েছেন মেসি।

থিয়েরি অঁরির পর প্রথম খেলোয়াড় হিসেবে মেজর লিগ সকারে টানা তিন ম্যাচে জোড়া গোল করেন তিনি। ২০১২ সালে নিউইয়র্ক রেড বুলের হয়ে টানা তিন ম্যাচে জোড়া গোল করেছিলেন। ম্যাচ শেষে মায়ামির কোচ ও মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ হাভিয়ের মাশচেরানো বলেন, ‘আমি এখনো মেসির খেলা উপভোগ করি। একজন কোচ হিসেবে বলব, তাকে কোচিং করানোটা আমার জন্য সৌভাগ্যের। আমাদের এটা মনে রাখতে হবে যে মেসি ফুটবলটা উপভোগ করছে এবং সব সময় খেলার মতো ফিট থাকলে সে খেলবে। সে খেললে আমরা বাড়তি সুবিধা পাই এবং আমরা তার সদ্ব্যবহারও করতে চাই।’