কাকতালীয়ভাবেই একই দিনে হারল বাংলাদেশের ছেলে ও মেয়েদের ক্রিকেট দল। শনিবার হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে ২৯৭ রানের সৌধ গড়ে বাংলাদেশকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ওইদিন দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারত সফরে পাঁচ ম্যাচ খেলে সবগুলোতে হেরে খালিহাতে দেশে আসছে। মেয়েরাও পাঁচ দলের গ্রুপে চার ম্যাচ খেলে তিনটিতে হেরে বিদায় নিয়েছে।

চেন্নাই টেস্ট দিয়ে ভারত সফর শুরু হয় বাংলাদেশ দলের। প্রথম টেস্টেই বড় হার। কানপুর টেস্টে বৃষ্টিতে আড়াই দিন পণ্ড হওয়ার পরও হেরেছে শান্ত বাহিনী। এরপর গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। ২০ ওভারের প্রতিটি ম্যাচেই আইপিএল তারকাদের দাপট দেখা গেছে। কোনো ম্যাচেই ব্যাট-বলে কোনো বিভাগে দাঁড়াতে পারেনি সফরকারীরা।

এদিকে, দুবাইতে নারী দল আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১০৬ রানের গড়পড়তা স্কোর গড়ে। সোবহানা মোস্তারি ৪৩ বলে ৩৮ ও নিগার ৩৮ বলে ৩২ রান করেন। জবাব দিতে নেমে ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়া নারীরা। এই জয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়। এই গ্রুপ থেকে অবশ্য দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ— এই তিন দলেরই শেষ চারে ওঠার সুযোগ রয়েছে। আজ বিকালে মুখোমুখি ইংল্যান্ড ও স্কটল্যান্ড। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের লড়াই।

‘এ’ গ্রুপে শ্রীলংকার বিদায় ঘটেছে। অস্ট্রেলিয়া তিন ম্যাচে ৬, ভারত ৩ ম্যাচে ৪, নিউজিল্যান্ড ৩ ম্যাচে ৪ ও পাকিস্তান ৩ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। আজ রাতে ভারত ও অস্ট্রেলিয়ার লড়াই।