লিটন দাসের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৩০৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩০৬ রান করেছে স্বাগতিকরা। 

ওপেনার লিটন দাস খেলেছেন ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১২৬ বলে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস। ওডিআই ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরির ইনিংসে হাঁকিয়েছেন ১৬টি চার ও দু’টি ছক্কা। মুশফিক করেছেন ৯০ বলে ৮৬ রান। ওয়ানডেতে এটি তার ৪১তম হাফসেঞ্চুরি। এ ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মুশফিক। মুশফিকের এখন ৬ হাজার ৬৭০ রান। সবার ওপরে থাকা তামিমের রান ৭ হাজার ৬৮৬। তিনে থাকা সাকিবের ৬ হাজার ৬৩০ রান।

ইনিংসের শুরুতে তামিম ইকবাল ২৪ বল খেলে ১২ রান করে আউট হন আফগান পেসার ফজলহক ফারুকির এলবিডব্লউর ফাঁদে। দুই ম্যাচেই ফারুকির শিকার তামিম। ৩৬ বলে মোকাবেলায় ব্যক্তিগত ২০ রানে সাকিব আল হাসান ফেরেন রশিদ খানের শিকার হয়ে। শেষ দিকে মাহমুদউল্লহ রিয়াদ ৬ ও আফিফ হোসেন ১৩ রানে অপরাজিত থাকেন। এ ম্যাচে আফগানদের অতিরিক্ত রান দেয়া ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ ৩৩ রান পেয়েছে অতিরিক্ত। আফগান বোলারদের মধ্যে ফরিদ আহমেদ দু’টি উইকেট নেন।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে। তবে আফগানিস্তান নামে তিন পরিবর্তন নিয়ে। বাদ পড়েছেন ইবরাহিম জাদরান, ইয়ামিন আহমাদজাই ও গুলবাদিন নাইব। তাদের বদলে খেলবেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমাতুল্লাহ ওমারজাই।