দুই টেস্টের সিরিজ খেলতে
আজ রওনা হয়ে মঙ্গলবার সকালে পাকিস্তান পৌঁছবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্য দিয়ে শুরু
হলো বাংলাদেশ দলের ব্যস্ত টেস্ট মৌসুম। আগামী ডিসেম্বরের মধ্যে ৮টি টেস্ট খেলবে বাংলাদেশ।
তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও আছেন পাকিস্তান সফরের দলে এবং এ বছর তিনি ৮টি টেস্টই
খেলবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আজ (১২ আগস্ট) দুপুরে
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সংসদ সদস্য
সাকিবের দলভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। তার ফিটনেস নিয়েও প্রশ্ন ছিল। এসব নিয়ে জবাব দেয়ার
এক পর্যায়ে প্রধান নির্বাচক বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের সময় সাকিবের কাছে আমরা সংক্ষিপ্ত
পরিকল্পনা জানতে চেয়েছিলাম। আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, ডিসেম্বর পর্যন্ত আটটা
টেস্ট খেলব। সেখানে সে আমাদের আশ্বস্ত করেছে, সবগুলো টেস্ট খেলবে। প্রত্যেকটা সিরিজের
আগে সব অনুশীলন সেশনে থাকবে।’
গত ২৫ মে থেকে সিলেট ও
চট্টগ্রামে বিশেষ ক্যাম্প করে প্রস্তুতি নিয়েছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ
থেকে ফেরা ক্রিকেটারদের কয়েকজন ক্যাম্পে যোগ দিলেও দেখা যায়নি সাকিবকে।তিনি এ সময় ব্যস্ত
ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। যুক্তরাষ্ট্র ও কানাডায় টি-টোয়েন্টি লিগ খেলেছেন।
এখন কানাডা থেকেই সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ফিটনেস ও লাল বলে অনুশীলন
না থাকার পরও সাকিবকে পাকিস্তান সফরে নেয়ার যুক্তি দিয়ে লিপু বলেছেন, ‘কিছু ব্যতিক্রম
খেলোয়াড় তো থাকে। সব সময় আপনি সবাইকে অনুশীলনে পাবেন, সেটা সম্ভব হবে না। তাদের ব্যস্ততা
ক্রিকেট নিয়েই ছিল। সে তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। পারফরম্যান্স দিয়ে সাকিব
নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে, বিভিন্ন সংস্করণের ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে
তার রেকর্ড-সবকিছু মিলিয়েই যাচ্ছে।’
গত বছর থেকে চোখের সমস্যায়
ভোগা সাকিবের তিনি আরো বলেন, ‘বিশ্ব যেমন স্বীকার করছে, সে ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার,
গত ২৫ বছরে। আমি সেই মতামতের সঙ্গেই যাচ্ছি। শুধু বোলার হিসেবে ধরব, সেই দুঃসাহস আমার
নেই।’
সাকিবের নিরাপত্তা নিয়ে
লিপু বললেন, ‘অনুশীলন সেশনে প্রত্যেকটা খেলোয়াড়, কোচের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটা
অবশ্যই পরিস্থিতির আলোকে দেশকে নিশ্চিত করতেই হবে। কারণ, সাকিব আল হাসান নিশ্চিতভাবেই
দেশের শীর্ষ খেলোয়াড়। এখানে নির্বাচনের (দলে রাখা) ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেছেন।
কারণ, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা সেটা নিয়ে ভেবেছি। কিন্তু তার নির্বাচনটা
হয়েছে মেধার ভিত্তিতে। প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা হয়। আগামীতেও মেধাটাকেই
গুরুত্ব দেব।’










