চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তনের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রান।
এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে ইয়াসির আলী রাব্বির। সময়ের হিসেবে দীর্ঘ সাত মাস পর বাংলাদেশ ওয়ানডে খেলতে নামছে। সর্বশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে থেকে জিতে আসার পর শুধু টেস্ট আর টি-টোয়েন্টিতেই মেতে ছিল তামিমের দল। অবশ্য এ সময় পুরো শক্তির দল এক সঙ্গে ছিল না। সাকিব-মুশফিকের ফেরায় স্বাভাবিকভাবেই মিডল অর্ডারে শক্তি বেড়েছে।
আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ বলে দুই দলের তিন ম্যাচের এ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুই দলই। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের ৬ ম্যাচের সবকটিতে জিতে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। দুই দলের সামনে সুযোগ সিরিজটি জিতে আরো এগিয়ে যাওয়ার। মুখোমুখি লড়াইয়েও জয়ের পাল্লা ভারি বাংলাদেশের। ৮ ম্যাচে তামিমদের জয় ৫টিতে, আফগানরা জিতেছে ৩টি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও ফজলহক ফারুকি।










