সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিএকেএসপি) ৩ নম্বর মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশ। নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। কিন্তু আজ মঙ্গলবার প্রথম দিন ৪০ মিনিট না যেতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

দিনের খেলা শুরু হয় সকাল ১০টায়। এরপর শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলংকার সংগ্রহ ১ উইকেটে ১৪ রান। বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিথুন।

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পাওয়াদের মধ্যে একমাত্র মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন প্রস্তুতি ম্যাচের দলে। তবে তিনি ফিল্ডিংয়ে নামেননি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ ফর্মে থাকা এনামুল হক বিজয়ও খেলছেন। এছাড়া আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম ও সাইফ হাসানকেও রাখা হয়েছে দলে।

বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হাসান, মোহাম্মদ এনামুল হক, মাশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহী।