বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত সোমবার। এর একদিন পরই পরিচালনা পর্ষদের সভায় ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব বণ্টন করা হয়েছে নবনির্বাচিত পরিচালকদের মধ্যে। সভায় সিদ্ধান্ত হয়েছে পরবর্তী বিপিএল আয়োজন করা হবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে। বিপিএল গভর্নিং কমিটির প্রধানের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া তিনি ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটির প্রধানের দায়িত্বও পালন করবেন।
প্রথমবার বিসিবিতে আসা গায়ক আসিফ আকবর বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান, সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক নারী উইংয়ের প্রধান, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট হাইপারফরম্যান্স চেয়ারম্যান, এম নাজমুল ইসলাম অর্থ কমিটির চেয়ারম্যান, আমজাদ হোসেন মিডিয়া কমিটির চেয়ারম্যান হয়েছেন। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান বহাল রয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।
এছাড়া ডিসিপ্লিনারি কমিটিতে ফায়াজুর রহমান, গেম ডেভেলপমেন্টে ইশতিয়াক সাদেক, ফ্যাসিলিটিজে শানিয়ান তানিম, আম্পায়ার্স কমিটিতে ইফতেখার রহমান মিঠু, মার্কেটিং কমিটিতে শাখাওয়াত হোসেন, অডিট কমিটিতে মুখলেসুর রহমান, লজিস্টিকসে ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মেডিকেল কমিটিতে মনজুর আলম, টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটিতে আবুল বাশার, মিডিয়ায় আমজাদ হোসেন, সিসিডিএমে আদনান রহমান, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটে জুলফিকার আলী খান, বাংলাদেশ টাইগার্সে রাহাত শামস ও ওয়ালফেয়ার কমিটির প্রধান করা হয়েছে মুখছেদুল কামালকে।
এদিকে বিসিবির পরিচালক হলেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেয় এনএসসি। তার জায়গায় গতকাল বিসিবির পরিচালকের পদে রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে এনএসসি।










