বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বয়কট করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানান, চলমান আইসিসি ইস্যু নিয়ে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ বৈঠক করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী সব বিকল্প খোলা রাখার ওপর জোর দেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান। বাংলাদেশ সময় বিকেল ৫টা নাগাদ শুরু হয় বৈঠক। বৈঠক শেষে এক্স (সাবেক টুইটার) এসব তথ্য জানান পিসিবির চেয়ারম্যান।

এক্স (সাবেক টুইটার)-এ মহসিন নকভি লেখেন, ‘প্রধানমন্ত্রী মিয়ান মোহাম্মদ নওয়াজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির বিষয়টি নিয়ে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে, সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধান করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেয়া হবে, এমনটা সম্মত হয়েছি আমরা।’

মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তারা ম্যাচগুলো আরেক দেশ শ্রীলংকা সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। যদিও বিশ্ব ক্রিকেট সংস্থা কোনো নিরাপত্তা শঙ্কা খুঁজে না পাওয়ায় বাংলাদেশকে সিদ্ধান্ত পাল্টাতে বলেছিল। নয়তো বিশ্বকাপ থেকে বাদ পড়ার হুমকিও পেয়েছিল বাংলাদেশ, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল ছিল। শেষ পর্যন্ত তাদেরকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছে ক্রিকেটের শীর্ষ সংস্থা।

এ পুরোটা সময়ে পাকিস্তান বাংলাদেশের পাশে ছিল। সবশেষ বোর্ড প্রধান মহসিন নাকভি জানান, তারাও বিশ্বকাপ বয়কটের চিন্তাভাবনা করছে, সবকিছু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি প্রধান ইসলামাবাদে বৈঠক করবেন।