নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের সেঞ্চুরিতে দুর্দান্ত লড়াই করছে। আজ শনিবার চতুর্থ দিন লাঞ্চ বিরতির সময় ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৪৪ রান। প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়া দলটি আর মাত্র ১৩ রান করলেই লিড নেবে। সরফরাজ ১২৫ ও ঋষভ পন্ত ৫৩ রানে অপরাজিত ছিলেন।

রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে (১৩৪) ভর করে শুক্রবার ৪০২ রান করে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৩৫৬ রানে পিছিয়ে থেকে ওইদিন ব্যাটিংয়ে নেমে ৯৫ রানের মধ্যে জশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মাকে হারায় ভারত। এরপর বিরাট কোহলি ও সরফরাজ ১৩৬ রানের জুটি গড়ে স্বস্তি ফেরান দলে। যদিও দিনের শেষ বলে কোহলি সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ৭০ রান করেন। তখন দলের সংগ্রহ ছিল ২৩১/৩। আজ সেখান থেকে আরেকটি শতরানের জুটি গড়েন সরফরাজ ও পন্ত। লাঞ্চের আগে ২২ ওভারে বোর্ডে ১১৩ রান যোগ করেন দুজন।

এ পথেই ১১০ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন সরফরাজ। আগের ৩ টেস্টে তিনটি ফিফটি করেন মুম্বাইয়ের ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি রয়েছে তার।

বেঙ্গালুরুতে বৃষ্টি শুরু হলে একটু আগেভাগেই লাঞ্চের বিরতি দেয়া যায়।

সরফরাজ-পন্তদের ব্যাটে আশা জেগেছে ভারতের। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। সেই ১৮৮৭ সালে প্রথম ইনিংসে ৪৫ রান তুলেও সিডনিতে ম্যাচ জিতেছিল তারা। পরের বছর লর্ডসে অস্ট্রেলিয়া জিতেছিল ৬০ রানে অলআউট হয়েও। ১৩৬-১৩৭ বছর আগের সেসব স্মৃতি ফিরিয়ে আনতে পারবে কি ভারত?