সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলে জেতে সিটি। দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় ১৭ বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। আগে ১৬ ফাইনাল খেলে সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন তারা। ফাইনালে তাদের সামনে লিভারপুল, যারা সেমিফাইনালে ভিলারিয়ালকে হারিয়ে দশমবার উঠেছে ফাইনালে। ২৯ মে প্যারিসের ‘স্তাদে দে ফ্রান্স’-এ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও লিভারপুল। রিয়াল ১৪তম ও লিভারপুল সপ্তম শিরোপার খোঁজে নামছে।

প্যারিস ফাইনালে ইতিহাস রিয়ালেরই পক্ষে। স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গত দুই দশকে অন্য লিগের কোনো দল জিততে পারেনি। ২০০১-০২ মৌসুম থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে নয়টি ফাইনালে ছিল স্পেনের কোনো না কোনো ক্লাব। ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে রিয়াল ফাইনাল খেলে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এছাড়া বাকি সাতটি ফাইনাল অন্য লিগের ক্লাবের বিপক্ষে খেলেছে স্প্যানিশরা। যে ফাইনালের সবক’টিতেই জয়লাভ করে লা লিগার দল। সাতবারের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা এবং তিনবার রিয়াল।

আরেকটি ইতিহাস রিয়ালের পক্ষে। তারা সর্বশেষ ১৯৮০-৮১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরেছে। এরপর আরো সাতবার ফাইনাল খেলেছে, প্রতিবারই শিরোপা গেছে বার্নাব্যুতে। তবে লিভারপুলের কাছেই প্যারিসে সবশেষ ফাইনালে ১-০ গোলে হেরেছিল মাদ্রিদ।

লিভারপুল প্রতিশোধের নেশায় মত্ত হতেই পারে। নিকট অতীতেও তাদের হারিয়েছে রিয়াল। ২০১৭-১৮ মৌসুমে আবারো ফাইনালে দেখা হয় দুই দলের। কিয়েভের দ্য অলিম্পিক ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ৩-১ গোলে জেতে রিয়াল। যদিও পরের মৌসুমেই টটেনহামকে হারিয়ে শিরোপা উল্লাস করে রেডরা।

এবারের রিয়াল যেন অতীতের যেকোনো সময়ের চেয়ে আরো অপ্রতিরোধ্য। শেষ ষোলোয় তারকাখচিত পিএসজিকে, কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে ও সেমিফাইনালে ইংলিশ পরাশক্তি ম্যানসিটিকে হারায় তারা। এমনকি প্রতিটি লড়াইয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। শেষ মিনিট, এমনকি শেষ সেকেন্ড পর্যন্ত যে লড়াই করা যায়, তা দেখিয়ে দিচ্ছেন বেনজেমা, ভিনিসিয়ুস আর রদ্রিগোরা।

একমাত্র ম্যানেজার হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠলেন আনচেলত্তি, যিনি জিনেদিন জিদানের পর মাত্র দ্বিতীয় ম্যানেজার হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পেয়েছেন। প্যারিসে রিয়াল শিরোপা উৎসব করলে রেকর্ড গড়বেন আনচেলত্তিও।

এটা হবে রিয়ালের ১৭তম ফাইনাল, যা কিনা যুগ্মভাবে দুইয়ে থাকা এসি মিলান ও বায়ার্ন মিউনিখের চেয়ে ছয়টি বেশি। আর প্যারিসে এ নিয়ে চতুর্থ ফাইনাল খেলবে মাদ্রিদ জায়ান্টরা।

বিবিসি, মার্কা, গোল ডটকম