অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি গল টেস্ট খেলেই অবসর নেবেন শ্রীলংকার সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে। এটা তার শততম টেস্ট। গলে প্রথম টেস্টে শোচনীয়ভাবে পরাজিত সিংহলিজরা এ টেস্টে হার এড়াতে লড়ছে। যদিও হারের শঙ্কা জাগিয়েছে সিংহলিজরা।
প্রথম ইনিংসে শ্রীলংকার ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া ৪১৪ রানে অলআউট হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮১ রানে ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিক দলটি। সেখান থেকে সিংহলিজদের টানেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিস। যদিও সেই লড়াই দলকে সংহত অবস্থানে পৌঁছে দিতে পারেনি।
সাবেক অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ৪৭ ও কুশল মেন্ডিসকে নিয়ে ৭০ রান যোগ করে দলকে ভরাডুবি থেকে বাঁচিয়ে লিড এনে দেন ম্যাথুজ। কিন্তু এর পরও তার দল হারের মুখে। ম্যাথুজ ৭৬ রান করে সাজঘরের পথ ধরেন। এরপর দ্রুতই আরো দুই উইকেটের পতন ঘটলে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাগতিক দলটি। ৮ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিন মাঠ ছাড়ে শ্রীলংকা। দুই ইনিংস মিলে তাদের লিড মাত্র ৫৪ রানের।
বিদায়ী টেস্ট খেলা করুণারত্নে দুই ইনিংস মিলিয়ে করেছেন ৫০ রান। প্রথম ইনিংসে ৮৩ বলে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ২৮ বলে ১৪ রান করেন। সব মিলিয়ে ১০০ টেস্টে ৭ হাজার ২২২ রান করে থামলেন তিনি। এ পথে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি ফিফটি করেছেন তিনি। ডাবল সেঞ্চুরি করেছেন একটি, করেছেন বাংলাদেশের বিপক্ষে। ২০২১ সালে পাল্লেকেলে টেস্টে ২৪৪ রানের ইনিংস খেলেন ওই ম্যাচে লংকান দলনায়ক করুণারত্নে। পাকিস্তানের বিপক্ষে ২০১৭ সালে দুবাই টেস্টে তার আছে ১৯৬ রানের দারুণ এক ইনিংস খেলার অভিজ্ঞতা।
এর আগে অ্যালেক্স ক্যারি (১৫৬) ও স্টিভ স্মিথের (১৩১) সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪১৪ রান তুলে নেয় সফরকারী অস্ট্রেলিয়া। আগের দিন ১২০ রানে অপরাজিত থাকা স্মিথ গতকাল সকালে নামের পাশে আর ১১ রান যোগ করে আউট হয়ে যান। এটা তার ৩৬তম টেস্ট সেঞ্চুরি। এর মধ্য দিয়ে সেঞ্চুরির তালিকায় শীর্ষ পাঁচে ঢুকে পড়লেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। তিনি ছাড়া ইংল্যান্ডের জো রুট ও ভারতের রাহুল দ্রাবিড়ের রয়েছে ৩৬টি করে সেঞ্চুরি। এছাড়া শ্রীলংকার কুমার সাঙ্গাকারার ৩৮টি, অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের ৪১টি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের ৪৫টি ও ভারতের শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৫১টি টেস্ট সেঞ্চুরি রয়েছে।
অধিনায়ক হিসেবে স্মিথ করেছেন ১৭টি টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে গ্রায়েম স্মিথ (২৫), বিরাট কোহলি (২০) ও রিকি পন্টিংয়ের (১৯)। মোট টেস্ট রানে স্মিথ আছেন ১৩ নম্বরে। ১১৬ টেস্টে তিনি করেছেন ১০ হাজার ২৭১ রান।










