দক্ষিণ আফ্রিকান গ্রেট হাশিম আমলার দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দুজনেরই ৬ হাজার রান এসেছে ১২৩ ইনিংসে। শুক্রবার করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ২৯ রান করার মধ্য দিয়ে ৬ হাজারের ক্লাবে নাম লেখান বাবর। ১৩৬ ইনিংসে ৬ হাজার রান করে তালিকার তিনে অবস্থান করছেন ভারতীয় গ্রেট বিরাট কোহলি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন ৬ হাজার রান করেছেন ১৩৯ ইনিংসে।
বাবরের আগে পাকিস্তানের হয়ে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডটা ছিল সাঈদ আনোয়ারের। তিনি ১৬২ ইনিংসে ৬ হাজার রান করেন। সাঈদ আনোয়ারের চেয়ে ৩৯ ইনিংস কম খেলে এই মাইলফলকে পৌঁছেন বাবর।
৬ হাজারে যুগ্মভাবে শীর্ষে থাকলেও দ্রুততম ৫ হাজার রানের রেকর্ডটা বাবরের একার দখলে। তিনি মাত্র ৯৭ ইনিংসে এই কীর্তি ছুঁয়েছেন। যদিও গত এক বছর ওয়ানডেতে ভালো ফর্মে না থাকায় অল্পের জন্য দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডটা একার করে নিতে পারেননি। এছাড়া ৮২ ইনিংসে ৪ হাজার রান তুলে দুইয়ে রয়েছেন বাবর। এখানে ৮১ ইনিংসে ৪ হাজার রান করে রেকর্ডটা আমলার।
ব্যাটিং গড়ে সবার শীর্ষে বাবর। ছেলেদের ওয়ানডেতে ৬ হাজার রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৫.৭৩ গড়ে রান তুলেছেন বাবর। আগের সর্বোচ্চ ৫৫.৭০ গড় ছিল অস্ট্রেলিয়ার মাইকেল বেভানের।
পাকিস্তানের হয়ে ৬ হাজার রান করেছেন মোট ১১ জন। এদের মধ্যে মাত্র তিনজন ছিলেন বাবরের চেয়ে কম বয়সী। মাইলফলক ছোঁয়ার সময় বাবরের বয়স ছিল ৩০ বছর ১২২ দিন। তার চেয়ে কম বয়সে ৬ হাজার রান করেছেন ইনজামাম-উল-হক (২৯ বছর ৮৬ দিন), মোহাম্মদ ইউসুফ (৩০ বছর ৪০ দিন) ও শহীদ আফ্রিদি (৩০ বছর ১০৬ দিন)।
বাবর সেঞ্চুরি করেছেন ১৯টি, যা পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০টি সেঞ্চুরি করে এক নম্বরে রয়েছেন সাঈদ আনোয়ার। ১০২তম ইনিংসে ১৯তম সেঞ্চুরি করেন বাবর। এখানেও রেকর্ড গড়েছেন তিনি। তার চেয়ে কম ইনিংসে কেউ ১৯টি সেঞ্চুরি করতে পারেননি।
বাবরের অভিষেকের পর মাত্র তিনজন ব্যাটার ৬ হাজার রান করেছেন, যার মধ্যে তিনি অন্যতম। বাকি দুজন হলেন বিরাট কোহলি (৭৪২৬) ও রোহিত শর্মা (৬৭৬৮)। এই সময়ে তার ১৯টি সেঞ্চুরিও তৃতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে টানা দুবার সেঞ্চুরির হ্যাটট্রিক করা একমাত্র ব্যাটারও বাবর। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ২০২২ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবার টানা তিন ইনিংসে সেঞ্চুরির অবিশ্বাস্য কীর্তি গড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক।










