নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ শনিবার ‘বি’ গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের রাজসিক ইনিংস খেলেন ইংল্যান্ডের বেন ডাকেট। তার সেঞ্চুরিতে ইংল্যান্ড ৩৫১ রানের সৌধ গড়েও অবশ্য জিততে পারেনি। জস ইংলিস ৮৬ বলে ১২০ রানের বিস্ফোরক ইনিংস খেলে অবিশ্বাস্য এক জয় এনে দেন অস্ট্রেলিয়াকে। তা-ও অজিরা জিতেছে ৫ উইকেট ও ১৫ বল হাতে রেখে! যেকোনো আইসিসি আসরে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

ওয়ানডেতে এটা অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ২০১৯ সালে মোহালিতে ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৩৫৯ রান করে জিতেছিল তারা। এছাড়া এটা লাহোরে এবং ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো দলের রান তাড়ার রেকর্ড।

বেন ডাকেট ১৬৫ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন। এটাই চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর। আগের সর্বোচ্চ ১৪৫ রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের। ২০০৪ সালে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫১ বলে ১৪৫ রান করেছিলেন কিউই গ্রেট। আজ লাহোরে অ্যাস্টলকে টপকে গেলেন ডাকেট। যদিও তার এই রেকর্ডময় ইনিংসকে বিফল করে দিয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ২৯ বছর বয়সী ইংলিস। ২৮ ওয়ানডের ক্যারিয়ারে এটাই তার প্রথম সেঞ্চুরি। ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায় ইনিংসটা সাজান ইংলিস।

এছাড়া ম্যাথিউ শর্ট ৬৬ বলে ৬৩, অ্যালেক্স ক্যারি ৬৩ বলে ৬৯, মারনাস লাবুশেন ৪৫ বলে ৪৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ৩২ রান করেন।

এর আগে ১৪৩ বলে ১৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১৬৫ রান করে ইংল্যান্ডকে ৮ উইকেটে ৩৫১ রানের সৌধ গড়ে দেন বেন ডাকেট। এছাড়া জো রুট করেন ৭৮ বলে ৬৮ রান। অস্ট্রেলিয়ান বেন ডোয়ারসুইস ৩টি এবং মারনাস লাবুশেন ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পরদিন লাহোরে খেলবে দুই পরাজিত দল ইংল্যান্ড ও আফগানিস্তান।