প্যারিস অলিম্পিক গেমসে পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে চীন। শনিবার অষ্টম দিন শেষে ১৬টি স্বর্ণসহ মোট ৩৭টি পদক জিতে শীর্ষস্থান ধরে রাখে চীন। দিনের একেবারে শেষ দিকে যুক্তরাষ্ট্র একাধিক স্বর্ণ জিতে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যায়। আজ (৪ আগস্ট) বাংলাদেশ সময় বেলা আড়াই পর্যন্ত ১৪টি স্বর্ণসহ ৬১টি পদক নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছিল যুক্তরাষ্ট্র।
সমান ১২টি করে স্বর্ণ জিতে টেবিলের দুই ও তিনে ছিল যথাক্রমে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। এরপরে ছিল ব্রিটেন (১০টি স্বর্ণ), দক্ষিণ কোরিয়া (৯টি স্বর্ণ), জাপান (৮টি স্বর্ণ), ইতালি (৬টি স্বর্ণ), নেদারল্যান্ডস (৬টি স্বর্ণ) ও কানাডা (৪টি স্বর্ণ)।
প্রথমবারের মতো অলিম্পিক পদক তালিকায় নাম উঠেছে ক্যারিবিয়ান দ্বীপদেশ সেন্ট লুসিয়ার। শনিবার রাতে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট ফাইনালে যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসনকে পেছনে ফেলে স্বর্ণ জিতে নিয়েছেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। অলিম্পিকে এই প্রথম পদক জিতল দেশটি।
এ রাতে মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল জিতে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। এটা তার নবম অলিম্পিক স্বর্ণপদক। অলিম্পিকে নারীদের মধ্যে সর্বোচ্চ স্বর্ণপদক জয়ের রেকর্ডটা ছুঁয়েছেন তিনি। তার সমান নয়টি স্বর্ণ জয়ের রেকর্ড আছে সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনার। নারী ও পুরুষ মিলে সর্বোচ্চ ২৮টি পদক জয়ের রেকর্ডটা আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপসের, যার ২৩টিই স্বর্ণপদক।
সব মিলে অলিম্পিকে ১৪তম পদক জিতেছেন লেডেকি। চলতি আসরে চারটি পদক জিতলেন লেডেকি। ৮০০ মিটার ফ্রিস্টাইলে এ নিয়ে টানা চার আসরে স্বর্ণ জিতলেন তিনি। এটাও নতুন রেকর্ড। তিনি ছাড়া শুধু মাইকেল ফেলপস এক ইভেন্টে চার আসরে স্বর্ণপদক জিতেছেন।
১৭ বছর বয়সী কানাডিয়ান সামার ম্যাকিনটশের স্বপ্নযাত্রাও ছুটছে। শনিবার রাতে তিনি মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির স্বর্ণ জিতেছেন দাপটে। এটা প্যারিসে তার তৃতীয় স্বর্ণপদক।










