মিসরকে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতল সেনেগাল। রোববার রাতে ক্যামেরুনের দি ওলেম্বে স্টেডিয়ামে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্দিষ্ট সময় ও অতিরিক্ত সময় শেষ হলেও খেলার কোনো ফলাফল আসেনি। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ৪-২ গোলে সাতবারের চ্যাম্পিয়ন মিসরকে হারায় সেনেগাল। তৃতীয়বার ফাইনাল খেলে প্রথম শিরোপা জিতল ‘দ্য লায়ন্স অব তেরেঙ্গা’রা।
দলের সেরা তারকা সাদিও মানের শুরুটা ছিল হতাশার। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন এই তারকা ফরোয়ার্ড। কিন্তু টাইব্রেকারে তার নেওয়া শটেই শিরোপা নিশ্চিত হয় সেনেগালের। ম্যাচের প্রথমার্ধে পুরোটা সময়েই দাপট দেখায় সেনেগাল; কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেননি মানেরা।
ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি মিস করে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন সাদিও মানে। বাম দিক থেকে বক্সে ঢুকে পড়েন সালিও সিস, বল ক্লিয়ার করতে গিয়ে তাকে ফাউল করেন মিসরের আব্দেলমনেম। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন সাদিও মানে। ডানদিকে ঝাপিয়ে দুর্দান্তভাবে রক্ষা করেন গোলরক্ষক আবু গাবাল। ৪৩ মিনিটে মোহাম্মদ সালাহর প্রচেষ্টা কর্নারের বিনিময়ে রক্ষা করেন সেনেগালের গোলরক্ষক এদুয়ারদো মেন্দি।
৫২ মিনিটে মিসরকে আবারো রক্ষা করেন গোলরক্ষক আবু গাবাল। মাঝ মাঠ থেকে আক্রমণে যায় সেনেগাল। ডান দিক থেকে সাদিও মানের নিচু ক্রস গোলমুখে সেনেগালের দুই ফুটবলার মিলেও আবু গাবালকে পরাস্ত করতে পারেনি। নির্ধারিত নব্বই মিনিট গোলশূন্য সমতায় থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের শুরুর মিনিটে আরো একবার দুর্দান্ত সেইভে মিসরকে বাঁচান আবু গাবাল। অফসাইড ফাদ ভেঙ্গে মিসরের দুই ডিফেন্ডারকে পিছনে ফেলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন আহমাদু বাম্বা, খানিকটা কোনাকুনিভাবে তার নেয়া শট বাঁ দিকে ঝাপিয়ে ঠেকিয়ে দেন আবু গাবাল। ১০০ ও ১১৪ মিনিটের সময়ও মিসরের ত্রাতা হয়ে আসেন আবু গাবাল।
অতিরিক্ত সময়েও খেলার ফলাফল গোলশূন্যয় সমতায় থাকায় নিষ্পত্তি ঘটে টাইব্রেকারে। যেখানে ৪-২ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে সেনেগাল।
শিরোপা জিততে না পারলেও পুরো ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচ সেরা হয়েছে মিসরের গোলরক্ষক আবু গাবাল (গাবাস্কি)। টুর্নামেন্টের আট গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্যামেরুনের অধিনায়ক ভিনসেন্ট আবুবকর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সেনেগালের সাদিও মানে এবং সেরা গোলরক্ষক একই দেশের এদুয়ারদো মেন্দি।
আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল
মিসরকে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতল সেনেগাল। রোববার রাতে ক্যামেরুনের দি ওলেম্বে স্টেডিয়ামে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্দিষ্ট সময় ও অতিরিক্ত সময় শেষ হলেও খেলার কোনো ফলাফল আসেনি। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ৪-২ গোলে সাতবারের চ্যাম্পিয়ন মিসরকে হারায় সেনেগাল। তৃতীয়বার ফাইনাল খেলে প্রথম শিরোপা জিতল ‘দ্য লায়ন্স অব তেরেঙ্গা’রা।










