গত মাসেই ৩৮ বছরে পা দিয়েছেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে হয়তো আর বেশি দিন দেখা যাবে না পর্তুগিজ সুপারস্টারকে। কাতারে এ বছরই হয়তো খেলবেন নিজের শেষ বিশ্বকাপ। কিন্তু এ বিশ্বকাপেই তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
এখনো বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট কাটতে পারেনি সিআরসেভেনের পর্তুগাল। বিশ্বকাপ বাছাইপর্বে সরাসরি উতরাতে না পারায় তাদের সামনে অপেক্ষমাণ প্লে-অফের অগ্নিপরীক্ষা। উল্লেখ্য, একবিংশ শতাব্দীতে প্রত্যেক বিশ্বকাপের আসরেই খেলেছে পর্তুগাল।
একই পরিস্থিতিতে আছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি। বিশ্বকাপ বাছাইপর্ব উতরাতে পেরে ২০১৮ সালে রাশিয়ায় খেলা হয়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ৬০ বছরের মধ্যে যা তাদের প্রথম ব্যর্থতা। এবারো তাদের সামনে কঠিন পথ। খেলতে হবে প্লে-অফ।
ইউরোপ মহাদেশ থেকে বিশ্বকাপে খেলবে ১৩টি দল। ক’দিন আগে শেষ হওয়া ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পেয়েছে বিশ্বকাপের টিকিট। বাকি আছে আরো তিনটি টিকিট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশনস লিগের সেরা দুই গ্রুপ চ্যাম্পিয়ন মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আরো তিনটি দল।
কিন্তু প্লে-অফের ড্রয়ে একই পাথে (গ্রুপ) পড়ে যায় ইতালি-পর্তুগাল। তিন পাথে ১২টি দলকে বিভক্ত করা হয়েছে।
পাথ ‘এ’র একটি সেমিফাইনালে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ইউক্রেন এবং অন্যটিতে ওয়েলস ও অস্ট্রিয়া। পাথ ‘বি’তে রাশিয়ার খেলার কথা ছিল পোল্যান্ডের বিপক্ষে, আর সুইডেনের প্রতিপক্ষ চেক রিপাবলিক। ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে রাশিয়াকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। যে কারণে পোলিশরা সেমিতে না খেলেই ফাইনাল নিশ্চিত করেছে। পাথ ‘সি’তে সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালি ও নর্থ মেসেডোনিয়া এবং পর্তুগাল ও তুরস্ক। অস্ট্রিয়া ও চেক রিপাবলিক এসেছে নেশনস লিগে সেরা গ্রুপ জয়ী হিসেবে।
সেমিফাইনালে জয়ী দুদল মুখোমুখি হবে ফাইনালে। তিন গ্রুপের ফাইনালে জয়ী তিনটি দল পাবে বিশ্বকাপের টিকিট।
সবার চোখ থাকছে ইতালি ও পর্তুগালের দিকেই। কেননা সেমিফাইনালে হারলেই বিদায় নিতে হবে তাদের। আর দুদল যদি ফাইনালেও ওঠে তবু একটি দলের বিদায় নিশ্চিত। অর্থাৎ রোনালদোর পর্তুগাল কিংবা বিশ্বকাপের চিরায়ত ‘বড় দল’ ইতালি—এর অন্তত একটি থাকছে না কাতারে।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে সব ম্যাচ শুরু হবে। ফিফা ডটকম










