আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে ‘গ্রুপ-১’ থেকে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করল নিউজিল্যান্ড। এই জয়ের পর ৫ ম্যাচ থেকে কিউইদের সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সেমির রেসে আছে অস্ট্রেলিয়া (৫), ইংল্যান্ড (৫) ও শ্রীলংকাও (৪)। তবে নিউজিল্যান্ডকে টপকাতে অস্ট্রেলিয়াকে ১৮৫ রানের ব্যবধানে ও নিউজিল্যান্ডকে ১২৮ রানের ব্যবধানে জিততে হবে। কিন্তু এটা টি২০ ক্রিকেটে অসম্ভবই। তাই নিউজিল্যান্ডের উত্তরণ সময়ের ব্যাপার মাত্র। 

অ্যাডিলেডে আজ আগে ব্যাটিং করা নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮৫ রান তোলে কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে। কিউই দলনায়ক ৩৫ বলে ৬১ রান করেন। এছাড়া ফিন অ্যালেন ১৮ বলে ৩২, ড্যারিল মিচেল ২১ বলে ৩১ রান ও ডেভন কনওয়ে ৩৩ বলে ২৮ রান করেন। 

জবাব দিতে আইরিশরা ৮ ওভারে বিনা উইকেটে ৬৮ রান তুলে নিয়ে চোখ রাঙায় নিউজিল্যান্ডকে। অ্যান্ডি বলবির্নিকে সাজঘরে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা আইরিশদের আস্কিং রেটও বেড়ে গেলে আর জেতা সম্ভব হয়নি। পেসম্যান লকি ফার্গুসন সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া টিম সাউদি, স্যান্টনার ও ইস সোধি দুটি করে উইকেট নেন।

আইরিশদের হারে বিফলেই গেল জস লিটলের হ্যাটট্রিক। ১৯তম ওভারে হ্যাটটিক করেন ২৩ বছর বয়সী আইরিশ পেসার। ১১ বল বাকি থাকতে ৩ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ ছিল নিউজিল্যান্ডের। ওই অবস্থায় যেকোনো দল দলই সংগ্রহটা দুশ ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে, কিউইরাও সেই লক্ষ্যে হাঁটতো। কিন্তু হ্যাটট্রিক করে লিটল তা হতে দিলেন না। ১৯তম ওভারের দ্বিতীয় বলে উইলিয়ামসন, তৃতীয় বলে জেমস নিশাম ও চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই বামহাতি পেসার।

 

এটা চলতি বিশ্বকাপে দ্বিতীয় ও টি২০ বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ হ্যাটট্রিক। টি২০ বিশ্বকাপে এর আগে অস্ট্রেলিয়ার ব্রেট লি, শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পন হ্যাটট্রিক করেন।

 

টি২০ ক্রিকেটে এটা আইরিশদের দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে গত বছরের টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন কার্টিস ক্যাম্ফার। তিনি চার বলে চার উইকেট নিয়ে করেছিলেন ‘ডাবল হ্যাটট্রিক’।   

আজ দুপুরের ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে আফগানরা ব্যাটিং নিলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত নিউজিল্যান্ডের।