প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথার লড়াই পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিষয়টি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
গতকাল রোববার একটি সংবাদমাধ্যমে আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলেন মিনহাজুল আবেদীন নান্নু। তার এমন বক্তব্যের পর চুপ থাকেননি আশরাফুলও। সাবেক এই অধিনায়ক নিজের ফেসবুক লাইভে এসে নান্নুর মন্তব্যের কড়া জবাব দেন। আশরাফুলের দাবি, নান্নুর ব্যক্তিগত অপছন্দের কারণেই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না।
বিষয়টি নিয়ে আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, আশরাফুল যেহেতু বর্তমান খেলোয়াড় আর সাবেক একজন অধিনায়ক। আমি মনে করি, সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। আমি শুনেছি এটা। এটা নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে।
বিষয়টি নিয়ে দ্রুত বোর্ড সভাপতি নাজমুল হাসানের পাপনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, কারো ব্যাপারেই এভাবে আক্রমণ করা ঠিক নয়। আপনি একটা পদে আছেন বোর্ডে। ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো। যেহেতু নির্বাচক কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে, আমি এটা নিয়ে আজও তাদের সঙ্গে আলাপ করেছি। আমি এটা বোর্ড সভাপতির সঙ্গেও আলাপ করব।
নান্নু-আশরাফুলের ব্যক্তিগত দ্বন্দ্ব ভবিষ্যতে দল নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন জালাল। বিসিবির এ কর্তা বলেন, আমার মনে হয় না এমন কিছু হবে। ব্যক্তিগতভাবে কেউ এর শিকার হবে বলে আমার মনে হয় না। যারা আসবে পারফরম্যান্সের জোরেই আসবে।
নান্নু-আশরাফুলের বাকযুদ্ধে অসন্তুষ্ট বিসিবি
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথার লড়াই পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিষয়টি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।










