বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণ হয়ে গেল শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে। চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে এ আসরের শিরোপা জিতে নিয়েছে নাবিল গ্রুপের দল রাজশাহী ওয়ারিয়র্স। এটা রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে ২০১৯-২০ আসরে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস। সেবার ফাইনালে খুলনা টাইগার্সকে হারিয়েছিল রাজশাহী। টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। এবার নতুন মালিকের অধীনে নতুন নামে দ্বিতীয়বারের মতো বিপিএলের মুকুট জিতল তারা।

বিপিএলের ‘রাজা’ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যে ফ্র্যাঞ্চাইজিটি ২০২৫ সালে বিপিএল থেকে সরে যায়। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার কন্যা নাফিসা কামালের মালিকানাধীন দলটি ২০১৫, ২০১৮ (২০১৯ সালে অনুষ্ঠিত), ২০২২ ও ২০২৩ আসরের শিরোপা জয় করে। এছাড়া ২০২৪ আসরে তারা রানার্সআপ হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত দুটি আসরে তাদের আর দেখা যায়নি। তবে এখনো সর্বোচ্চ চারবার শিরোপা জিতে রেকর্ডটা তারা ধরে রেখেছে।

দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। এছাড়া দুবার রানার্সআপ হয় রাজধানীর দল। ২০১২ ও ২০১৩ আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে ও ২০১৬ আসরে ঢাকা ডিনামাইটস নামে বিপিএল চ্যাম্পিয়ন হয় ঢাকার ফ্র্যাঞ্চাইজি।

রাজশাহী ছাড়া দুবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় ফরচুন বরিশাল। ২০১২ সালে বরিশাল বার্নার্স নামে যাত্রা করা বরিশালের দল ২০২৪ সালের আগে কখনো সফলতা পায়নি। ২০১৫ সালে নাম বদলে বরিশাল বুলস করেও ভাগ্যের শিকে ছেঁড়েনি। ২০২২ সালে বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেয় ফরচুন গ্রুপ, নাম দেয়া হয় ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার শিরোপা জয় করে দলটি। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও এবার আকস্মিক সিদ্ধান্তে বিপিএল থেকে সরে যায় দলটি। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি একাদশ আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়। পরের আসরের সূচি নির্ধারণ হয় ২০২৫ সালেরই ডিসেম্বরে। এত অল্প সময়ে প্রস্তুত হওয়া ‘কঠিন’ বলে তারা এবার অংশ নেয়নি বলে জানান মালিক মিজানুর রহমান।

insert2

২০১৭ সালের আসরে শিরোপা জয় করে রংপুর রাইডার্স। ওই বছর ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালে ঢাকা ডিনামাইটসকে ৫৭ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় তারা। এরপরের সাতটি আসরে ফেভারিট হয়েও কখনো শিরোপার নাগাল পায়নি বসুন্ধরা গ্রুপের দলটি। এবারের আসরে রাউন্ড রবিন লিগে চতুর্থ হয়ে প্লে-অফে জায়গা করে নিলেও এলিমিনেটর ম্যাচে সিলেট টাইটানসের কাছে হেরে যায়। এবার দ্বাদশ আসর ছিল নানা কারণে ঘটনাবহুল। টুর্নামেন্ট শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম রয়্যালসের স্বত্বাধিকারী ট্রায়াঙ্গেল স্পোর্টস জানায়, তাদের পক্ষে ফ্র্যাঞ্চাইজিটি চালানো সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ত্বরিত সিদ্ধান্তে সংকটের সমাধান হয়। রয়্যালস পরিচালনার ভার নেয় বিসিবি। সেই দলটি রাউন্ড রবিন লিগ পর্বে শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফে ওঠে এবং সবার আগে ফাইনালের টিকিটও পায়। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে তারা হেরে যায় রাজশাহীর কাছে। রাজশাহীর ফেরাও বেশ নাটকীয়। গত আসরে খেলোয়াড়দের বেতন পরিশোধ করতে পারছিলেন না দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান। খেলোয়াড়দের বেতন পরিশোধ না করেই তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন, এমন সন্দেহে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন তিনি অঙ্গীকার করেন, ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে সব টাকা পরিশোধ করবেন।

দ্বাদশ আসরের আগে পাঁচ বছরের জন্য রাজশাহীর মালিকানা নিয়ে নেয় নাবিল গ্রুপ। তাদের পরিচালনায় প্রথম আসরেই শিরোপা সাফল্য পেল রাজশাহী ওয়ারিয়র্স।