বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইগা সিয়ানতেক ক্যারিয়ারের তৃতীয় আর চলতি বছর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। এ বছরই টানা ৩৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন ২১ বছর বয়সী তারকা। সঙ্গে দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা। লড়াকু এই খেলোয়াড় অবশ্য এটুকুতেই সন্তুষ্ট হতে চান না। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেছেন, ক্যারিয়ারে ‘আকাশই তার সীমানা’।
বাংলাদেশ সময় আজ রোববার ভোরে নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে তিউনিস খেলোয়াড় ওন্স জাবেরকে ২-০ সেটে হারিয়ে ইউএস ওপেন শিরোপা জয় করেন সিয়ানতেক। নবম নারী খেলোয়াড় হিসেবে ২২তম জন্মদিনের আগে তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখালেন তিনি। এটা ২০২২ সালে তার দ্বিতীয় মেজর শিরোপা এবং ফ্রেঞ্চ ওপেনের ক্লে কোর্টের বাইরে প্রথম। আগের দুটি শিরোপাই জিতেছেন রোলাঁ গাঁরোয়। আজ জয় শেষে লাস্যময়ী এই খেলোয়াড় বলেন, আমি এমনটি আশাই করি। আমি গর্বিত, কিছুটা বিস্মিতও এবং এটি করতে পেরে আমি যারপরনাই খুশি।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জয় করা অ্যাশলে বার্টি মার্চে অবসর নেন। সেই থেকে র্যাংকিংয়ের এক নম্বরে রয়েছেন সিয়ানতেক। এরপর থেকে ট্যুর টেনিসে তিনিই কর্তৃত্ব করে চলেছেন এবং এই পথে টানা ৩৭ ম্যাচ জয়ের কৃতিত্ব দেখান। সে সময় টানা ছয়টি শিরোপাও জিতে নেন, যার মধ্যে অন্যতম ফ্রেঞ্চ ওপেন শিরোপা।
উইম্বলডনের চতুর্থ রাউন্ডে হেরে যাওয়ার মধ্য দিয়ে ৩৭ ম্যাচের জয়রথ থামে সিয়ানতেকের। যদিও ধীরে ধীরে ফের স্বরূপে ফিরেছেন এবং নিউইয়র্কে কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন।
গত জানুয়ারিতে র্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা সিয়ানতেক আজ ইউএস ওপেন ফাইনালে জাবেরকে হারানোর পর বলেছেন, মৌসুমের শুরুতে নিজের সামর্থ্য নিয়ে তার সংশয় ছিল। তার কথায়, একটি গ্র্যান্ড স্লাম জিতলেও এই পর্যায়ে আসতে পারব বলে আমি নিশ্চিত ছিলাম না। বিশেষ করে, ইউএস ওপেনের মতো দ্রুতগতির টার্ফ নিয়ে তো বটেই। এই জয়ে এটা নিশ্চিত হলো, আমার জন্য আকাশই সীমানা।
সিয়ানতেকের কাছে হারলেও ক্যারিয়ারসেরা র্যাংকিং দুইয়ে উঠেছেন ওন্স জাবের। তিউনিস নারী এ নিয়ে টানা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে হারলেন। এ বছর উইম্বলডন ফাইনালে তিনি হেরে যান কাজাখস্তানের রুশ বংশোদ্ভূত খেলোয়াড় এলেনা রিবারিকোভার কাছে।
সিয়ানতেকের কাছে হারের পর ২৮ বছর বয়সী ওন্স জাবের বলেছেন, বিশ্বের এক নম্বর খেলোয়াড়টির পারফরম্যান্স তিনি ও ডাব্লিউটিএর অন্য খেলোয়াড়দের জন্য ‘মানদণ্ড’ হতে পারে। তার কথায়, সে (সিয়ানতেক) বারটি খুবই উঁচুতে সেট করল। এটা আমাদের খেলার জন্যই দারুণ ব্যাপার। আমি আমার কাজ করে যাব এবং আশাকরি তাকে ধরে ফেলব।
টানা দুটি গ্র্যান্ড স্লাম ফাইনালে হারের কষ্ট কাটিয়ে ওঠা কঠিন, তবু তিনি ইতিবাচক থাকবেন যাতে আরেকটি গ্র্যান্ড স্লামেও এভাবে ছুটতে পারেন।
এরই মধ্যে বছর শেষের ডাব্লিউটিএ ফাইনালস আসর নিয়ে ভাবা শুরু করে দিয়েছেন ওন্স জাবের। এরপর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য নিজেকে তৈরি করবেন। এই আরব নারী বলেন, ডাব্লিউটিএ ফাইনালসে ভালো করে আমি পরবর্তী মৌসুমের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করতে চাই। আমি অবশ্যই এক নম্বর পজিশনের জন্য ছুটব।










