শঙ্কার মেঘ সরে গিয়ে অবশেষে আলোরমুখ দেখলো পাকিস্তানে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের সফর। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলবে অজিরা।

পূর্বের সূচিতে কিছু পরিবর্তনও এসেছে। করাচিতে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল ৩ মার্চ। একদিন পিছিয়ে ভেন্যু পরিবর্তন করে প্রথম টেস্টটি এখন হবে রাওয়ালপিন্ডিতে। ১২ মার্চ থেকে করাচিতে হবে দ্বিতীয় টেস্ট। লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তিন ওয়ানডের প্রথমটি হবে ২৯ মার্চ। পরের দুটি যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। এই তিন ম্যাচ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। রাওয়ালপিন্ডিতে একমাত্র টি টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল।

গত নভেম্বরেই দুই দলের পুর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু টিম অপারেশন্স, লজিস্টিক, নিরাপত্তা ও কভিড-১৯ প্রোটোকল নিয়ে আলোচনা চলছিল দুই বোর্ডের মধ্যে। শুক্রবার দুই বোর্ডের পক্ষ থেকেই এলো সফর নিশ্চিতের ঘোষণা। আগামী সপ্তাহে এই সফরের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য বৃহস্পতিবারই বলেছিলেন, পাকিস্তান সফরের জন্য প্রস্তুত আছেন তারা। সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি বললেন, দুই দলের রোমাঞ্চকর একটি সিরিজের অপেক্ষায় তারা। আমি পিসিবি এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানাতে চাই, ২৪ বছরে প্রথমবারের মতো সফরটি নিশ্চিত করার জন্য। 

১৯৯৮-৯৯ মৌসুমে সবশেষ পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। 

দুই যুগ পর আবারো ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ায় দারুণ খুশি পিসিবির প্রধান নির্বাহী ফয়সাল হাসনাইন। তিনি বলেন, আমরা উচ্ছ্বসিত যে, ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দলের পাঁচ-সপ্তাহের সফরের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে এবং নিশ্চিত করেছে তাদের সেরা ক্রিকেটাররা ২৪ বছরে প্রথমবারের মতো পাকিস্তান সফরে আসবে।