ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার বোর্নমাউথকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। এই জয় শেষে ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট হলো গানারদের। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি, যারা আজ রাত সাড়ে ১০টায় উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলবে। শিরোপার রেসে খানিকটা পিছিয়ে পড়া লিভারপুল ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। ইয়ুর্গেন ক্লোপের দল রোববার ঘরের মাঠে খেলবে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে।

 

আর্সেনালের হয়ে আজ গোল করেন বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ট্রোসার্ড ও ডিক্লাইন রাইস। প্রথমার্ধের একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সাকা। ৭০তম মিনিটে রাইসের পাস থেকে গোলে ব্যবধান ২-০ করেন ট্রোসার্ড। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে গানারদের তৃতীয় গোল এনে দেন রাইস। তার গোলে অ্যাসিস্ট করেন গ্যাব্রিয়েল জেসুস।