নোভাক জোকোভিচ কোর্টে
নামা নামেই যেন নিত্যনতুন রেকর্ডের জন্ম হওয়া। এবার গ্র্যান্ডস্লামে রেকর্ড ৪৭তম বারের
মতো সেমিফাইনালে উঠলেন সার্বিয়ান গ্রেট। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের
টেইলর ফ্রিটজকে সরাসরি ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শেষ চারে নাম লিখিয়েছেন তিনি। এর
মধ্য দিয়ে ১৯৯১ সালের (জিমি কনোর্স) পর সবচেয়ে জ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের
শেষ চারে নাম লেখালেন ৩৬ বছর বয়সী জোকোভিচ।
সেমিফাইনালে স্বাগতিক
দেশের বেন শেলটনের মুখোমুখি হবেন জোকোভিচ। এটা সার্বিয়ান তারকার রেকর্ড ৪৭তম সেমিফাইনাল
হলেও ২০ বছর বয়সী শেলটনের প্রথম। তিনি স্বদেশী ফ্রান্সেস তিয়াফোকে হারিয়ে শেষ চারে
ওঠেন। এর মধ্য দিয়ে ৩১ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে
উঠলেন তিনি।
ইউএস ওপেনের কোয়ার্টার
ফাইনালে অবিশ্বাস্য রেকর্ড ধরে রাখলেন জোকোভিচ। তিনি টানা ১৩ বারের মতো কোয়ার্টার ফাইনালে
নাম লেখালেন। এর মধ্য দিয়ে রজার ফেদেরারের রেকর্ড ভেঙে সর্বোচ্চবার সেমিতে উঠলেন। এছাড়া
আর দুটি জয় পেলেই অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড
ছুঁয়ে ফেলবেন তিনি। এরই মধ্যে পুরুষ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি মেজর জয়ের রেকর্ড
গড়েছেন। এবার নারী ও পুরুষ মিলে সবাইকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি তার সামনে।
উইম্বলডনে পাঁচ সেটের
রোমাঞ্চকর ফাইনালের পর আরেকবার স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের মুখোমুখি হতে পারেন
জোকোভিচ। আলকারাজ বুধবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর) কোয়ার্টার ফাইনালে
মুখোমুখি হবেন জার্মানির আলেক্সান্ডার জেভেরেভের।
এদিকে, মেয়েদের এককে লাটভিয়ার
ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে ৬-০, ৬-২ গেমে হারিয়ে শেষ চারে উঠেছেন যুক্তরাষ্ট্রের ১৯ বছর
বয়সী কোকো গাফ। শেষ চারে তিনি মুখোমুখি হবেন চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভার।










