অস্ট্রেলিয়া সফরে টি২০ সিরিজে টানা চতুর্থ
ম্যাচে হারল শ্রীলংকা। আজ মেলবোর্নে অতিথিদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আগে
ব্যাট করে ৮ উইকেটে ১৩৯ রান তোলে সিংহলিজরা। জবাবে ৬ উইকেট ও ১১ বল হাতে রেখে
লক্ষ্যে পৌঁছে যায় অ্যারন ফিঞ্চের দল।
ওপেনার পাথুম নিশাঙ্কা ৪০ বলে ৪৬ রানের
ইনিংস খেললেও লংকানরা ১৩৯ রানের সাদামাটা সংগ্রহ পায়। এছাড়া কুশল মেন্ডিস ২১ বলে
২৭, চারিথ আসালঙ্কা ১৯
বলে ২২ রান করেন। ঝাই রিচার্ডসন ২০ রানে ও কেন রিচার্ডসন ৪৪ রানে দুটি করে উইকেট
নেন।
রান তাড়া করতে নেমে ৩২ রানের মধ্যে দুই
উইকেট হারালেও গ্লেন ম্যাক্সওয়েল (৩৯ বলে ৪৮)
ও জস ইংলিশের (২০ বলে ৪০)
ব্যাটে ভর করে শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত হয় অজিদের। শ্রীলংকার লাহিরু কুমারা ২২
রানে দুটি উইকেট নেন।
রোববার একই মাঠে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।
হোয়াইটওয়াশ এড়াতে ওই ম্যাচটি জিততেই হবে দাসুন শানাকার শ্রীলংকাকে।










