ফুটবলের সদ্যসমাপ্ত গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব ও খেলোয়াড়ের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করা এজেন্টরা আয় করেছেন ৪৩ কোটি ৮ লাখ পাউন্ড (প্রায় ৪৯ কোটি ৪৪ লাখ ডলার)। এমন তথ্য দিয়েছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা।
গ্রীষ্মের দলবদলে বিশ্বজুড়ে যতগুলো চুক্তি সই হয়েছে, সেগুলোর তথ্য বিশ্লেষণ করেছে ফিফা। ফিফার তথ্য বলছে, এবারের দলবদলে পুরুষ খেলোয়াড়দের বেচা-কেনায় মোট ৫০০ কোটি ডলারের লেনদেন হয়েছে, যার মধ্যে ১০ শতাংশ গেছে এজেন্টদের ব্যাংক হিসাবে। প্রতিবেদনে বলা হয়, মৌসুমের শুরুর এ দলবদলে খেলোয়াড় নিবন্ধনে এজেন্ট ফি গত ১০ বছরে ৬ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৯ শতাংশ হয়েছে।
এবার পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই রেকর্ডসংখ্যক খেলোয়াড়ের দলবদল হয়েছে। এবার দলবদলের মোট আর্থিক লেনদেন ৫০০ কোটি ডলারও নতুন রেকর্ড। এটি আগের রেকর্ডের চেয়ে ২৯ দশমিক ৭ শতাংশ বেশি।
এবার দলবদলে সবচেয়ে বেশি সক্রিয় ছিল ইংলিশ ফুটবল, যেখানে মোট ১৯০ কোটি পাউন্ডের লেনদেন হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন কেনা সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় এখন ম্যানইউর অ্যান্টনি। তাকে ৮ কোটি ১৩ লাখ পাউন্ডে কিনেছে রেড ডেভিলরা।
মেয়েদের ফুটবলে দলবদলে মোট ৬৮৪টি চুক্তি সম্পন্ন হয়েছে, যা গতবারের চেয়ে ১৪ দশমিক ৪ শতাংশ বেশি। আর ছেলেদের ফুটবলে ৯ হাজার ৭১৭ জন খেলোয়াড় নিবন্ধিত হয়েছেন এ দলবদলে, যা গতবারের চেয়ে ১৬ দশমিক ২ শতাংশ বেশি।










