ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ এ সিরিজে অংশ নিচ্ছে।

ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে কনফারেন্স রুমে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, আমি আগেও বলেছি আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তাদের বিরুদ্ধে কিভাবে খেলব সে সম্পর্কে কোচ এরই মধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন। আশা করছি, টুর্নামেন্টে আমরা ভাল কিছু করে দেখাব ও দেশকে ভাল ফুটবল উপহার দিব।

এদিকে মালয়েশিয়ান নারী ফুটবল দলের কোচ জোয়েল করনেলি বলেছেন, তারা বাংলাদেশ ও আজারবাইজানের মত শক্তিশালী দুটি দলের বিরুদ্ধে খেলতে এখানে এসেছেন।

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ফিফা র‍্যাংকিংয়ে বেশ উন্নতি করেছে। সে কারণেই দুটি ভাল দলের বিপক্ষে খেলার সুযোগ তাদের জন্য সৌভাগ্যের এবং তারা ম্যাচগুলো উপভোগ করতে চান।

সিরিজে মালয়েশিয়ার লক্ষ্য প্রসঙ্গে করনেলি জানিয়েছেন, মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এ ধরনের টুর্নামেন্ট সত্যিই কার্যকর। তিনি আশা করেন তার দল ভাল খেলবে এবং দুটি ম্যাচে জয়ী হবে।

আগামী ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর মাঝে ২৯ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আজারবাইজান।

বাংলাদেশ দল: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়), কোহাতি কিসকু, মামনী চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আখতার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, মুনকি আখতার, স্বপ্না রানি, উমেলা মার্মা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্না চাকমা, সিনহা জাহান শিখা।

স্ট্যান্ডবাই : মোসা: রুমা আক্তার, তনিমা বিশ্বাস।