তিন ম্যাচ ওয়ানডে সিরিজের
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারাল পাকিস্তান। শ্রীলংকার হাম্বানটোটায়
আজ মঙ্গলবার ২০১ রানের পুঁজি নিয়েও প্রতিপক্ষকে ৫৯ রানে অলআউট করে দেয় বাবর আজমের দল।
১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পাকিস্তানের পেস বোলার হারিস রউফ।
শুরুটা করেন দুই পেসার
শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। আফ্রিদি তৃতীয় ওভারে পরপর দুটি উইকেট নেন। চতুর্থ ওভারে
অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে ফেরান নাসিম শাহ। এরপর রউফ টানা চার উইকেট নিলে আফগানদের
স্কোর হয়ে যায় ৪৮/৭! বিপদ আরেকটু বাড়ান আজমতউল্লাহ
ওমরজাই, তিনি রিটায়ার্ড হার্ট হয়ে যান। এরপর দলীয় ৫৫ রানের সময় আবুদল রজহমানকে সাজঘরে
ফেরান স্পিনার শাদাব খান, পরের ওভারে রউফের শিকার হয়ে মুজিব উর রহমান সাজঘরে ফিরলে
বড় জয় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। আফগান ইনিংসের আয়ু ছিল ১৯.২ ওভার। রউফ এই প্রথম
ওয়ানডেতে ৫ উইকেট শিকার করলেন।
এটা ওয়ানডেতে আফগানিস্তানের
দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। আর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো দলের সর্বনিম্ন
সংগ্রহ। আগের সর্বনিম্ন ৬৪ রান ছিল নিউজিল্যান্ডের (শাহজাহ, ১৯৮৬)।
এর আগে মুজিব, নবী ও রশিদ
খানের ঘূর্ণিতে বেসামাল হয় পাকিস্তান (৪৭.১ ওভারে ২০১/১০)। ৭ রানে ২ উইকেট হারানো পাকিস্তানের
সংগ্রহ একটি পর্যায়ে ছিল ৬২/৪। বিপদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়ে লড়ে যান ইমাম-উল-হক।
তিনি ৯৪ বলে ৬১ রান করে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। এছাড়া শাদাব খান ৫০ বলে
৩৯ ও ইফতিখার আহমেদ ৪১ বলে ৩০ রান করেন। আফগানিস্তানের পক্ষে মুজিব ৩৩ রানে ৩টি এবং
রশিদ খান ও নবী ২টি করে উইকেট নেন।
বৃহস্পতিবার একই মাঠে
সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার কলম্বোয় তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।










