উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার নকআউট পর্বের উত্তাপ। তাত্পর্যপূর্ণ বিষয় হলো টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, তাদের সঙ্গী হয়েছে লা লিগার আরেক দল অ্যাতলেটিকো মাদ্রিদ। আর ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিনিধি হিসেবে খেলা চারটি দলই পেয়েছে নকআউটের টিকিট। এরা হলো চেলসি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও টটেনহাম হটস্পার।

শেষ সপ্তাহে ছিল নাটকীয়তায় ভরা। ম্যাচের যোগ করা সময়ে গোল করে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডের টটেনহাম ও পর্তুগালের বেনফিকা।

‘ই’ গ্রুপ থেকে আগেই নকআউটে ওঠে চেলসি। গত বুধবার দ্বিতীয় টিকিটের মীমাংসা হয়। সলজবুর্গকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলোয় ওঠে ইতালির এসি মিলান। অথচ এ ম্যাচে জিতে নকআউটে ওঠার সুযোগ ছিল সলজবুর্গের, তারা এখন খেলবে ইউরোপা লিগে। বুধবার গ্রুপের আরেক ম্যাচে ডায়নামো জাগরেবকে ২-১ গোলে হারায় চেলসি।

‘এফ’ গ্রুপে শাখতার দোনেত্স্ককে ৪-০ গোলে গুঁড়িয়ে নকআউট পর্বে উঠেছে জার্মান দল আরবি লিপজিগ। অথচ এ ম্যাচটি জিতলে নকআউটে উঠত ইউক্রেনিয়ান দল শাখতার। এখন তাদের জায়গা হলো ইউরোপা লিগে। আর সেলটিককে ৫-১ গোলে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।

‘জি’ গ্রুপে বুধবার সেভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি, আর এফসি কোপেনহেগেনের মাঠে ১-১ গোলে ড্র করে বরুশিয়া ডর্টমুন্ড। উল্লেখ্য, এই গ্রুপ থেকে আগেই নকআউটের টিকিট নিশ্চিত করে ম্যানসিটি ও বরুশিয়া। আর ইউরোপা লিগের টিকিট পেয়েছে সেভিয়া।

‘এইচ’ গ্রুপে বুধবার জুভেন্টাসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ফরাসি দল পিএসজি, আর ম্যাকাবি হাইফাকে ৬-১ গোলে হারিয়েছে বেনফিকা। পিএসজি ও বেনফিকা উভয় দলের জয়, গোল, পয়েন্ট—সবকিছু সমান হয়ে পড়ায় অ্যাওয়ে গোলের বিচারে শীর্ষস্থান পেয়েছে বেনফিকা।

এর আগে মঙ্গলবার শেষ গ্রুপ ম্যাচে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান পায়নি লিভারপুল। দুই দলেরই পয়েন্ট সমান ১৫। তবে গোলগড়ে তাদের পেছনে ফেলে ইতালির দলটি। এদিন রেঞ্জার্সকে ৩-১ গোলে হারায় আয়াক্স, যারা এবার খেলবে ইউরোপা লিগে।

এদিকে দ্বিতীয় দল হিসেবে প্রথম দুই ম্যাচ হেরেও শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে পর্তুগালের দল এফসি পোর্তো। মঙ্গলবার শেষ ম্যাচে তারা ২-১ গোলে হারায় অ্যাতলেটিকো মাদ্রিদকে। এ রাতে ক্লাব ব্রুগের সঙ্গে গোলশূন্য ড্র করে বায়ার লেভারকুসেন। পোর্তো গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ও ব্রুগে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে। আর লেভারকুসেন খেলবে ইউরোপা লিগে। আর বড়দিনের আগেই ইউরোপা থেকে বিদায় নিল অ্যাতলেটিকো মাদ্রিদ, যা ২০১০-১১ মৌসুমের পর প্রথম ঘটল।

মঙ্গলবার ‘সি’ গ্রুপে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে ইন্টার মিলানকে ও বার্সেলোনা ৪-২ গোলে ভিক্টোরিয়া প্লজেনকে হারায়। এই গ্রুপের ভাগ্য অবশ্য পঞ্চম রাউন্ডেই লেখা হয়ে যায়। বায়ার্ন ও ইন্টার উঠেছে নকআউটে, বার্সা খেলবে ইউরোপা লিগে।

‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে টটেনহাম। তারা মঙ্গলবার মার্সেইকে হারায় ২-১ গোলে। এদিন স্পোর্টিং লিসবনকে একই ব্যবধানে হারায় জার্মানির এনট্র্যাখট ফ্রাংকফুর্ট। মার্সেই জিতলে উঠে যেত নকআউটে অথচ যোগ করা সময়ে গোল হজম করে তাদের জায়গা হলো না ইউরোপা লিগেও!

৭ নভেম্বর সুইজারল্যান্ডের নিওনের হাউজ অব ইউরোপিয়ান ফুটবলে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ।