টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার সফলতম ব্যাটিং জুটি ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গার। খেলোয়াড়ী জীবন শেষে ১৪ বছর পর আজ দুই বন্ধু ও সাবেক সতীর্থ থাকবেন মুখোমুখি অবস্থানে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে আজ দুজনের গায়ে দুই দলের জার্সি। অস্ট্রেলিয়ার হেড কোচ ল্যাঙ্গার, আর পাকিস্তানের ব্যাটিং কোচ হেইডেন।
ল্যাঙ্গার বেশ কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ার হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, আর হেইডেন শুধু এই বিশ্বকাপের জন্যই পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।
১২২ ইনিংসে ৫১.৫৩ গড়ে রান তুলেছেন হেইডেন ও ল্যাঙ্গার। আজ কোচ হিসেবে দুজন দুই দলে। যদিও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন দুজনই, এখানে ক্রিকেটকেই সামনে রাখতে চান তারা, যে ক্রিকেটের জন্য তাদের বন্ধুত্ব।
দুজনই একটি জায়গায় একমত-স্থিরতাই এই টুর্নামেন্টে পাকিস্তানের শক্তি আর সফলতার কারণ। আর হেইডেন মনে করেন, অস্ট্রেলিয়া এখনো নিজেদের সেরা ফর্মে ফেরেনি এবং ধীরে ধীরে স্বরূপে ফিরছে।
ল্যাঙ্গার বলেন, ঐতিহাসিকভাবে আমরা যেটা জানি, পাকিস্তান হলো অধারাবাহিকভাবে মেধাবী একটি দল। কিন্তু এবার যেটা দেখছি, এই পাকিস্তান শান্ত ও ধারাবাহিক। তারা পাঁচটি ম্যাচ জিতেছে। বাইরে থেকে দেখছি, তাদের নেতৃত্ব দিচ্ছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। অবিশ্বাস্য ভালো খেলোয়াড় বাবর আজম। তাদের আক্রমণ বেশ ভারসাম্যপূর্ণ। তারা বেশ শান্ত আর ঐক্যবদ্ধ ইউনিট।
খেলোয়াড়ী জীবনের স্মৃতিচারণ করে পাকিস্তান নিয়ে হেইডেন বলছেন, আমি সব সময়ই অনুভব করেছি, তারা একটি আবেগপূর্ণ দল।
কিন্তু এখন একসঙ্গে কাজ করে ধারণা অনেকটা পাল্টে গেছে হেইডেনের। এই দলটিতে তিনি আবেগের চেয়ে বরং ঐক্যটাই বেশি দেখেন।
আজ বাংলাদেশ সময় রাত ৮টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। দুবাইয়ে এটা ল্যাঙ্গার ও হেইডেনের দ্বৈরথও।










