ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। ১৯৮৮ সালের পর প্রথমবার ভারতের মাঠে টেস্ট জয়ের পর এবার একই দেশে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়ল কিউইরা। বেঙ্গালুরুতে জয়ের পর আজ পুনে টেস্টের তৃতীয় দিন ভারতকে ১১৩ রানে হারিয়ে এই কীর্তি গড়ে টিম সাউদির দল। ৩৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দল ২৪৫ রানে অলআউট হয়ে যায়।

৫ উইকেটে ১৯৮ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ২৫৫ রানে গুটিয়ে যায়। ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর ৪টি, রবীন্দ্র জাদেজা ৩টি ও রবিচন্দ্র অশ্বিন ২টি উইকেট নেন।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কিউইদের স্পিনে ঘায়েল হয় ভারতীয় ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া মিচেল স্যান্টনার দ্বিতীয় ইনিংসে নেন ৬টি। সঙ্গে আজাজ প্যাটেল ২টি ও গ্লেন ফিলিপস ১টি উইকেট নেন। ভারতের ওপেনার জশস্বী জয়সোয়াল সর্বোচ্চ ৭৭ রান করেন। এছাড়া জাদেজা করেন ৪২ রান। ১৫৭ রান দিয়ে ১৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৩ রান করা স্যান্টনার হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

টানা দুই জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ উন্নতি করল নিউজিল্যান্ড। ১০ ম্যাচে ৫ জয় পাওয়া নিউজিল্যান্ড এখন রয়েছে চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ৫০ শতাংশ। ভারত ১৩ ম্যাচে ৮ জয়ে ৬২.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দুই ও তিনে যথাক্রমে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।