বিপিএল-২০২৫ এর ড্রাফটে আজ সোমবার ‘এ’ ক্যাটাগরিতে থাকা সবাই একে এক দল পেয়ে গেলেও উদীয়মান তারকা রিশাদ হোসেনকে কেউ নিচ্ছিল না। এটাই ছিল দুপুর পর্যন্ত আলোচিত ঘটনা। অবশেষে দুপুরের পর তিনি দল পেয়েছেন। ২২ বছর বয়সী এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চ্যাম্পিয়নদের দলে আগেই আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আজ তারা যুক্ত করল মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত ও রিশাদকে।

রিশাদ ছিলেন ক্যাটাগরি ‘এ’–তে থাকা সর্বশেষ খেলোয়াড়। এর আগে ক্যাটাগরি ‘বি’–এর সব খেলোয়াড়ও দল পেয়ে গিয়েছিলেন। কিন্তু রিশাদ বিক্রি হচ্ছিলেন না। ৬০ লাখ টাকা দামের রিশাদ অবশেষে চতুর্থ সেটের প্রথম রাউন্ডে গিয়ে দল পান। প্লেয়ার্স ড্রাফটে স্থানীয়দের মধ্যে ৪৩ নম্বরে গিয়ে তিনি দল পান।

বিপিএলের সর্বশেষ আসরে এই লেগ স্পিনার ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তবে খুব একটা খেলার সুযোগ পাননি অবশ্য। সুযোগ পান মাত্র ৪ ম্যাচে। ৩ ইনিংসে ৯ ওভার বল করে ৮.৩৩ ইকোনমিতে নিয়েছিলেন ৬ উইকেট।

তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন রাজশাহীতে; লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ ঢাকায়; শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম চট্টগ্রামে; হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম খুলনায়; নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান রংপুরে; রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি সিলেটে ও মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, রিশাদ হোসেন বরিশালে খেলবেন।

ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজনকে খেলোয়াড় ডেকেছে। এর মধ্যে ১৪ জন খেলোয়াড় দল পেলেও অবিক্রিত রয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। অবশেষে তাঁকে নিজেদের তৃতীয় ডাকে দলে ভিড়িয়েছে বরিশাল। এই ডাকে দল পেয়েছেন সৌম্য সরকার (রংপুর), ইমরুল কায়েস (খুলনা), আল আমিন হোসেন (সিলেট), খালেদ আহমেদ (চট্টগ্রাম), মুকিদুল ইসলাম (ঢাকা) এবং ইয়াসির আলী (রাজশাহী)।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ দলের তিনি গত বছরও এই দলের হয়ে খেলেছিলেন। যদিও চোটের কারণে খুব কম ম্যাচেই তাকে দেখা গেছে।