চলতি নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২৩৮ রানের সৌধ গড়েছে ফরচুন বরিশাল। বিপিএলের ইতিহাসে এটা যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ সংগ্রহটা রংপুরের। ২০১৯ সালের জানুয়ারিতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৩৯ রান তুলেছিল দলটি।

 

এছাড়া ২০১৯ সালের ডিসেম্বরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২৩৮ রান, ২০১৯ সালের জানুয়ারিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৩৭ রান তোলার কৃতিত্ব দেখিয়েছিল।


রংপুর ৯ উইকেটে ১৭১ রান তুলতে সমর্থ হয়। তাতে বরিশাল জিতেছে ৬৭ রানে।

চলতি বিপিএলে তিনটি দুশ ছাড়ানো স্কোর হয়েছে, যার দুটিই বরিশালের করা। ১৩ জানুয়ারি চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেটে ২০২ রান করে সাকিবের দল। এছাড়া দুশোর্ধ্ব সংগ্রহ আছে সিলেট স্ট্রাইকার্সের। ১০ জানুয়ারি ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৮ উইকেটে ২০১ রান তুলেছিল মাশরাফি বিন মর্তুজার দল।

 

৪৬ রানের মধ্যে চার উইকেট হারানোর পরও বরিশালের এত বড় সংগ্রহ গড়ার নায়ক পাকিস্তানি হার্ড হিটার ইফতিখার আহমেদ ও অধিনায়ক সাকিব আল হাসান। ইফতিখার ৪৫ বলে ১০০ ও সাকিব ৪৩ বলে ৮৯ রানের দুটি বিস্ফোরক ইনিংস খেলেন। ইফতিখার ৫টি চার ও ৯টি ছক্কায় এবং সাকিব ৯টি চার ও ৬টি ছক্কায় ইনিংস সাজান। ৮৬ বলে ১৯২ রান তুলেছেন সাকিব ও ইফতিখার। ইফতিখার মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন।

 

এরপর ইফতিখার করেছেন চলতি বিপিএলের তৃতীয় সেঞ্চুরি। আগের দুটিও করেন তার স্বদেশী ব্যাটাররা। ৯ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একই ম্যাচে সেঞ্চুরি করেন খুলনার আজম খান (১০৯*) ও চট্টগ্রামের উসমান খান (১০৩*)।