একাদশ বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস। আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় শেষ বলে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম কিংস।
আগে ব্যাটিং করে শিমরন হেটমায়েরের (৩৩ বলে ৬৩) ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩২ বলে ৪১ রান। জবাব দিতে নেমে দুই পাকিস্তানি খেলোয়াড় খাজা নাফি (৪৬ বলে ৫৭) ও হুসাইন তালাতের (২৫ বলে ৪০) ব্যাটে জয়ের রেসে থাকে চট্টগ্রাম কিংস।
যদিও ৩ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ১৫ রান তোলার চ্যালেঞ্জের মুখে পড়ে চট্টগ্রাম। তখন আশা দেখান আলিস আল ইসলাম (৭ বলে ১৭*) ও আরাফাত সানী (১৩ বলে ১৮*)। সানী প্রথম ৩ বল থেকে ৭ রান তুলে নিলেও তৃতীয় বলে চোট পেয়ে মাঠ ছাড়েন আলিস। চতুর্থ বলে শরিফুল ইসলাম বাউন্ডারি হাঁকালে চট্টগ্রামের দিকে হেলে পড়ে ম্যাচ। শেষ ২ বলে প্রয়োজন পড়ে ৪ রান। পরের বলে আবারো নাটকীয়তা। জেসন হোল্ডারকে ক্যাচ দেন শরিফুল। ফলে শেষ বলে প্রয়োজন ৪ রান।
দলের প্রয়োজনে চোট নিয়েই আবারো ব্যাটিংয়ে নামেন আলিস। তিনি সপাটে অফ ড্রাইভ খেলে বলকে সীমানার বাইরে পাঠালে উল্লাসে মেতে ওঠে চট্টগ্রাম কিংসের খেলোয়াড়রা, আর তীরে এসে তরী ডোবার হতাশায় বিষাদ নেমে আসে খুলনা টাইগার্স দলের ড্রেসিংরুমে, হতাশায় ন্যুয়ে পড়েন খেলোয়াড়রা।
শুক্রবার সন্ধ্যা সাতটায় ফাইনালে মুখোমুখি হবে বরিশাল ও চট্টগ্রাম।










