এক সপ্তাহের মধ্যে দুটি হ্যাটট্রিক পেলেন লিওনেল মেসি। ১৬ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করার পর এবার ইন্টার মায়ামির হয়েও হ্যাটট্রিক পেলেন তিনি। আজ রোববার ভোরে মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভলুশনকে ৬-২ গোলে হারায় মায়ামি। এ ম্যাচে ৫৮তম মিনিটে বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করেন ৩৭ বছর বয়সী মেসি।

চলতি মৌসুমে মেজর লিগ সকারে ১৯ ম্যাচে ২০ গোল হয়ে গেল মেসির। তার সাবেক বার্সা সতীর্থ লুই সুয়ারেজ ২৭ ম্যাচ খেলে করেছেন সমান ২০ গোল।

এদিন, মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ডও গড়ল ইন্টার মায়ামি। আজকের জয়ে তাদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। ৭৩ পয়েন্ট নিয়ে ২০২১ সালে আগের রেকর্ডটি গড়েছিল নিউ ইংল্যান্ড।

এই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে ছিল মায়ামি। প্রথমার্ধের বিরতির আগে জোড়া গোল করে ২-২-এ সমতা আনেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। এরপর মেসি এলেন, দেখলেন ও জয় করলেন। ৭৮ থেকে ৮৯ মিনিটের মধ্যে তিন তিনটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন সুপারস্টার।

আগামী বছর যুক্তরাষ্ট্রের মাঠে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে মায়ামি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো এক ঘোষণায় বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে ইন্টার মায়ামিও আগামী বছরের বদলে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে।’