সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে সুপার টুয়েলভে খেলার স্বপ্নভঙ্গ হলো নামিবিয়ার। টি২০ বিশ্বকাপে আজ ভিক্টোরিয়ার জিলংয়ে আফ্রিকার দলটি হেরেছে ৭ রানের ব্যবধানে। নামিবিয়ার হারে সুপার টুয়েলভ রাউন্ডের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস, যারা আজ দিনের প্রথম ম্যাচে হেরেছে শ্রীলংকার কাছে। ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে শ্রীলংকার সঙ্গী হলো ডাচরা।
টানা দুই জয়ে শ্রীলংকা সুপার টুয়েলভে ওঠার পর ঝুলে পড়ে ডাচদের ভাগ্য। তারা প্রার্থনায় ছিল নামিবিয়ার হারের। আমিরাতিরা দুর্দান্ত ক্রিকেট খেলে টি২০ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিয়ে মূলত উপকার করেছে ডাচদেরই। আজ হেরে যাওয়া নামিবিয়ার ঝুলিতে এখন প্রথম ম্যাচে পাওয়া দুই পয়েন্টই সম্বল। অন্যদিকে, সমান চার পয়েন্ট করে নিয়ে সুপার টুয়েলভে উঠে যায় শ্রীলংকা ও নেদারল্যান্ডস।
ওপেনার মুহাম্মদ ওয়াসিম ৪১ বলে ৫০ রান ও অধিনায়ক সিপি রিজওয়ান ২৯ বলে ৪৩ রান করে আরব আমিরাতকে লড়াইয়ের পুঁজি এনে দেন। রান তাড়া করতে নেমে ৬৯ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের মুখে পড়ে নামিবিয়া। যদিও অভিজ্ঞ ডেভিড উইজে অনবদ্য লড়াই করে তাদের মরা স্বপ্নটা আবার বাঁচিয়ে তোলেন। অষ্টম উইকেটে রুবেন ট্রাম্পলম্যানকে নিয়ে ৪৪ বলে ৭০ রানের অবিশ্বাস্য জুটি গড়ে তিনি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। কিন্তু শেষ অবধি সফল হননি। শেষ তিন বলে প্রয়োজন ১০ রান, এমন সমীকরণে তিনি ওয়াসিমের বলে ছক্কা হাঁকাতে গেলে লং অনে ধরা পড়েন আলিশান শরাফুর হাতে। এর মধ্য দিয়েই তীরে এসে তরি ডুবল নামিবিয়ার। ৮ উইকেটে ১৪১ রান তুলতে সমর্থ হয় দলটি। এতে বিফলে যায় উইজের লড়াই।










