বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হলেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান।

কিন্তু আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেয় এনএসসি। তার জায়গায় আজ মঙ্গলবার বিসিবির পরিচালকের পদে রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে এনএসসি।

গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির ২৫ পরিচালকের ২৩ জন কাউন্সিলদের ভোটে নির্বাচিত হয়ে আসেন, বাকি দুজনকে মনোনয়ন দেয় এনএসসি। সেই দুজনের একজন হিসেবে ইসফাক আহসানকে মনোনয়ন দেয়া হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন ছিল। যদিও এ দায়িত্বটি পেয়েছেন সাবেক ক্রিকেটার ও সদ্য সাবেক নির্বাচক খান আব্দুর রাজ্জাক।

রুবাবা দৌলা খেলাধুলায় নতুন নন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন।