অস্ট্রেলিয়ায় আসন্ন টি২০ বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাথু হেইডনে। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনিং ব্যাটার ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সেবার পাকিস্তান দারুণ পারফর্ম করে সেমিফাইনাল খেলেছে।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রমতে, গত বছর টি২০ বিশ্বকাপে পাকিস্তানের ড্রেসিংরুমকে উজ্জীবিত রেখেছেন হেইডেন। তখন পাকিস্তানের ব্যাকরুম স্টাফের অংশ ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ভারনন ফিল্যান্ডারও। তিনি ছিলেন বোলিং কনসালট্যান্ট।

 

পাকিস্তান দলের মেন্টর হওয়ার খবরে হেইডেন বলেন, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে পাকিস্তান দলে মেন্টর হিসেবে যোগ দিতে যাচ্ছি বলে আমি ভীষণভাবে আনন্দিত এবং এই দলটির সংস্কৃতির সঙ্গে আবারো মিশে যেতে তর সইছে না আমার। আমি দেখেছি, এশিয়া কাপ টি২০তে পাকিস্তান কেমন পারফর্ম করছে এবং ভারতের বিপক্ষে তারা অবিশ্বাস্য খেলেছে। আমি মনে করি অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করার মতো সব রসদই পাকিস্তানের আছে। সেখানকার কন্ডিশনেও তারা দারুণভাবে মানিয়ে নিতে পারবে, তা ব্যাটিং ও বোলিং উভয় বিভাগের জন্যই।

 

হেইডেন সাবেক সতীর্থ শন টেইটকেও পাবেন পাকিস্তানের কোচিং স্টাফে। টেইট বর্তমানে পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাকিস্তানিদের মধ্যে সাকলাইন মুশতাক হেড কোচ আর মোহাম্মাদ ইউসুফ ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

আগামী ১৫ অক্টোবর ব্রিসবেনে সরাসরি পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন হেইডেন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে সেদিনই অস্ট্রেলিয়ায় পৌঁছবে পাকিস্তান দল। ত্রিদেশীয় সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশও।

 

হেড কোচ সাকলাইন মুশতাক এক বছরের চুক্তির মেয়াদ শেষে বিদায় নেবেন আগামী বছর। ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরই তার শেষ মিশন। তিনি পিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেননি।