প্রায় এক বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে পেছনে ফেলে আবারো আইসিসি টি২০ অলরাউন্ডার র্যাংকিংয়ে এক নম্বরে উঠেছেন তিনি। আজ বুধবার র্যাংকিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায় ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে টি২০ অলাউন্ডারের শীর্ষে এখন সাকিব।
২ পয়েন্ট কম নিয়ে মোহাম্মদ নবি (২৪৬) আছেন দুইয়ে। কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন আফগান অধিনায়ক। এজন্য অবনমন হয়েছে তার। ২২১ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের মঈন আলি রয়েছেন তিন নম্বরে। তবে বোলারদের র্যাংকিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হেজলেউড।
ব্যাটারদের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এক নম্বরে আছেন। দুইয়ে থাকা বাবর এক ধাপ নিচে নেমে এখন তিনে। প্রোটিয়া ব্যাটার অ্যাইডেন মার্করাম তিন থেকে দুইয়ে উঠেছেন। এশিয়া কাপে একদমই বাজে সময় কাটিয়েছেন পাক অধিনায়ক।
টি২০তে সবশেষ গত বছরের অক্টোবরে অলরাউন্ডারদের শীর্ষে ছিলেন সাকিব। আবারো পুনরুদ্ধার করলেন নিজের জায়গা। ওয়ানডেতেও সাকিব এক নম্বরে। টেস্টে আছেন চারে।










