ইউরোপের শীর্ষ ৫ ফুটবল লিগের মধ্যে স্প্যানিশ লা লিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান ও জার্মান বুন্দেসলিগায় এরই মধ্যে শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে। বাকি দুই লিগে লড়াই এতটাই জমে উঠেছে যে শিরোপার নিষ্পত্তি হতে পারে শেষ রাউন্ডে। ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল আর ইতালিতে এসি মিলান ও ইন্টার মিলান প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করছে।

 

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে টটেনহামের সঙ্গে লিভারপুলের ড্রতে পাল্লাটা হেলে পড়েছে সিটির দিকে। ৩৫ রাউন্ড শেষে ইয়ুর্গেন ক্লোপের দলের পয়েন্ট ৮৩, এক ম্যাচ কম খেলে ম্যানসিটিরও সমান ৮৩ পয়েন্ট। আজ রাতে সিটিজেনরা ঘরের মাঠে খেলবে নিউক্যাসলের সঙ্গে। এই ম্যাচে হোঁচট না খেলেই তারা তিন পয়েন্টে এগিয়ে যাবে। তাতে শিরোপার সুবাস পাওয়া শুরু করবে পেপ গার্দিওলার দল।

 

শনিবার রাতে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে বসে অল রেডরা। ৫৬ মিনিটে কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন স্পার্সদের এগিয়ে দেন। যদিও ৭৪ মিনিটে লুইস দিয়াস লিভারপুলকে সমতায় ফেরান। এরপর আর কোনো গোল পায়নি অল রেডরা। তাদের এই ড্রতে সুবিধাজনক জায়গায় থাকল ম্যানসিটি।

 

ম্যানসিটি ও নিউক্যাসল ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।

 

লিগে লিভারপুলের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ—অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), সাউদাম্পটন (অ্যাওয়ে) ও উলভারহ্যাম্পটন (হোম)। ম্যানসিটি খেলবে নিউক্যাসল (হোম), উলভারহ্যাম্পটন (অ্যাওয়ে), ওয়েস্ট হাম (অ্যাওয়ে) ও অ্যাস্টন ভিলার (হোম) বিপক্ষে।

 

দুই দলই নিজেদের সবগুলো ম্যাচ জিতে গেলে চ্যাম্পিয়ন হবে ম্যানসিটি। তাই সিটি পয়েন্ট হারাবে, এমন প্রার্থনায় থাকতে হবে লিভারপুলকে। যদিও লিভারপুল কোচ ক্লোপ মনে করেন না, সিটি পয়েন্ট হারাবে। তিনি বলেন, আমি আশা করতে পারি ভিন্ন কিছু, কিন্তু আমি তা আসলে দেখছি না। সিটি-নিউক্যাসল নয়, আমি ভাবছি মঙ্গলবার অ্যাস্টন ভিলার সঙ্গে আমাদের ম্যাচ নিয়ে। 

 

এদিকে, শনিবার ব্রাইটনের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে নিশ্চিত হয়ে যায়, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না ম্যানইউর। ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে রেড ডেভিলরা। বাকি এক ম্যাচ জিতলেও তাদের পক্ষে আর কোনোভাবেই চারে ওঠা সম্ভব নয়।

 

পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলেও আগামী মৌসুমে বনেদি এই লিগে খেলতে পারবেন না, যদি তিনি এই ক্লাবেই থাকেন। রেড ডেভিলদের ছেড়ে না গেলে ২০ মৌসুমের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না আসরটির ইতিহাসে সর্বোচ্চ ও এক আসরে সর্বোচ্চ গোলদাতাকে।

 

ইতালিতে শুক্রবার এম্পোলিকে ৪-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় ইন্টার মিলান। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট সংগ্রহ সিমোন ইনজাঘির দলের, অন্যদিকে ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট এসি মিলানের। আজ রাতে ভেরোনার মুখোমুখি হবে এসি মিলান। এ ম্যাচে জিতলে তারা ইন্টারকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে।

 

এছাড়া এসি মিলান শেষ দুই ম্যাচ খেলবে যথাক্রমে আটালান্টা (হোম) ও সাসুওলোর (অ্যাওয়ে) বিপক্ষে। আর ইন্টারের শেষ  দুই ম্যাচ যথাক্রমে ক্যালিয়ারি (অ্যাওয়ে) ও সাম্পদোরিয়ার (হোম) বিপক্ষে।

 

এদিকে, চলতি মৌসুমে কোনো শিরোপা জিততে না পারা বার্সেলোনা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করতে পেরেই যেন এখন মহা স্বস্তিতে। শনিবার রাতে রিয়াল বেতিসের মাঠে ২-১ গোলের জয়ে টেবিলের সেরা চারে থাকা নিশ্চিত করে কাতালানরা। ৩৪ রাউন্ডে ৮১ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে বার্সা রয়েছে দুইয়ে।

বিবিসি ও মার্কা